সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০১৮
সিরিয়ার রাজধানী দামেস্কে সরকারি বাহিনী ও তাদের মিত্রদের বিমান হামলায় ৯৪ জন নিহত হয়েছে, যারা সবাই বেসামরিক নাগরিক। আহত হয়েছে তিন শতাধিক। এই খবর প্রকাশ করেছে রয়টার্স।
বিরোধীদের হাতে থাকা একটি অঞ্চল দখলে নিতে স্থল অভিযানের প্রস্তুতি হিসেবে সিরীয় বাহিনী গত ২৪ ঘণ্টায় হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের (এসওএইচআর) বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।
এসওএইচআরের প্রধান রামি আবদেল রহমান বলেছেন, পূর্ব ঘুটা শহরতলীর আবাসিক এলাকাগুলো ছিল হামলার লক্ষ্যবস্তু। এতে বহু লোক হতাহত হয়।
তবে আল জাজিরার এক প্রতিবেদনে নিহতের সংখ্যা ৭৭ বলে জানানো হয়েছে। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। এদের মধ্যে ২০ জন শিশুও আছেন।
স্থানীয় এক চিকিৎসক বলেন, সরকারি বাহিনী আবাসিক এলাকায় যা কিছু নড়তে দেখেছে, সেসব এলাকায় গুলি করেছে। আহত মানুষের ভিড়ে ভরে গেছে প্রতিটি হাসপাতাল।
Design and developed by ওয়েব হোম বিডি