সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৪ পূর্বাহ্ণ, মে ৫, ২০১৮
যৌন হয়রানি থেকে রেহাই পাননি সুইডিশ রাজকুমারী (ক্রাউন প্রিন্সেস) ভিক্টোরিয়াও। রাজকুমারীকে নিপীড়নকারী ব্যক্তিটিও বিখ্যাত। ২০০৬ সালে সুইডিশ অ্যাকাডেমির অনুষ্ঠানে ফরাসি চিত্রগ্রাহক জঁ-ক্লদ আর্নোর দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন রাজকুমারী ভিক্টোরিয়া।
যদিও নিজের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করেছেন আর্নো। তবে তিনি সহজেই পার পাবেন বলে মনে হচ্ছে না। কারণ সুইডেনের স্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে তিনজনের উদ্ধৃতি দেওয়া হয়েছে, যারা এমন হয়রানির ঘটনা স্বচক্ষে দেখেছেন বলে দাবি করেছেন।
সে সময়ে ঘটনাস্থলে উপস্থিত থাকা তিনজন জানিয়েছেন, রাজকুমারীর গায়ে আপত্তিকরভাবে হাত দিয়েছিলেন আর্নো।
এ বিষয়ে সুইডিশ লেখিকা এবা উইট-ব্রাটস্টর্ম বলেন, হঠাৎই আর্নো এগিয়ে যান ভিক্টোরিয়ার দিকে। তিনি পেছন থেকে সোজা গিয়ে ভিক্টোরিয়ার ঘাড়ে হাত রাখেন। এরপর অশালীনভাবে রাজকুমারীর শরীরে স্পর্শ করতে থাকেন।
এবা আরও জানান, ভিক্টোরিয়ার উর্দি পরা নিরাপত্তা কর্মকর্তা ব্যাপারটি লক্ষ্য করে সঙ্গে সঙ্গে টেনে সরিয়ে দেন আর্নোকে। সেদিন ঘটনার বীভৎসতায় চমকে গিয়েছিলেন ভিক্টোরিয়া।
প্রসঙ্গত, আর্নোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নতুন নয়। গত নভেম্বর জঁ-ক্লদ আর্নোর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন ১৮ জন নারী। এরই জেরে চাপে পড়ে পদত্যাগ করেছিলেন সুইডিশ অ্যাকাডেমির কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এর মধ্যে ছিলেন আর্নোর স্ত্রী ক্যাটরিনা ফ্রস্টেনসনও। এর রেশ কাটতে না কাটতে রাজকুমারী ভিক্টোরিয়াও জঁ-ক্লদের বিরুদ্ধে অভিযোগ উঠলো।
Design and developed by ওয়েব হোম বিডি