সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: এক নির্বাহী আদেশের মাধ্যমে মুসলিম দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির প্রক্রিয়া শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক কংগ্রেসের কিছু কর্মকর্তা ও অভিবাসন বিশেষজ্ঞদের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা রয়টার্স খবর জানায়।
রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন আরো কঠোর করে কয়েকটি নির্বাহী আদেশ জারি করতে যাচ্ছেন ট্রাম্প। ইতোমধ্যেই বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। বুধবার আরো কিছু নির্বাহী আদেশেও সাক্ষর করার কথা রয়েছে তার। এর মধ্যে মুসলিম দেশগুলোর যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি আদেশও রয়েছে।
এ নির্বাহী আদেশের মাধ্যমে মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা শরণার্থী এবং অভিবাসীদের সংখ্যা সীমিত করা হবে। শুধু তাই নয়; ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেনের শরণার্থী এবং অভিবাসীরা যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার সুযোগ হারাতে পারেন। তাদের ভিসার ওপরও নিষেধাজ্ঞা জারি করবেন ট্রাম্প।
এর আগে, মঙ্গলবার রাতে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ‘পরিকল্পনানুযায়ী বুধবার জাতীয় নিরাপত্তার জন্য একটি বিশাল দিন। অন্যান্য আরো অনেক কিছুর মধ্যে, আমরা প্রাচীর নির্মাণ করব।’
নির্বাচনী প্রচারণার শুরু থেকেই মুসলিম বিদ্বেষী মনোভাব প্রকাশ করেছেন ট্রাম্প। মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরি এবং যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করা হবে বলেও ঘোষণা দিয়েছিলেন এই মার্কিন প্রেসিডেন্ট। সেসময় প্যারিস হামলার ঘটনাকে কেন্দ্র করে সিরিয়ার ১০ হাজার শরণার্থীকে আশ্রয় দেয়ায় ওবামার সমালোচনা করেন তিনি। সূত্র: বিবিসি ও রয়টার্স
Design and developed by ওয়েব হোম বিডি