সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩
সুনামগঞ্জ প্রতিনিধি :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শেখ হাসিনার সরকার জনগণের সরকার, গরীব, দুঃখী, মেহনতী মানুষের সরকার৷ আমরা ধর্মে আর কর্মে মিল চাই। আমরা চাই সবাই সমানতালে এগিয়ে যাক। আওয়ামী লীগ বাংলাদেশের আপন সরকার। আ’লীগের আমলে দেশের যে উন্নয়ন হয়েছে কেউ তা করতে পারেনি। এই দেশকে রেখে আওয়ামী লীগ কোথাও পালাবে না৷
শনিবার (০৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ আব্দুল মজিদ কলেজের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা যে কাজগুলো করি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো শিক্ষা ক্ষেত্রে। কারণ এটাই জীবনের চাবিকাঠি। বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এই সরকারের আমলে দেশের শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে৷ আমরা চাই সকল বাঙ্গালী শিক্ষিত হোক। যাতে কেউ অক্ষরজ্ঞানহীন না থাকে এটাই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, যারা দেশকে সম্মান করে না তাদের বিরুদ্ধে আমাদের বিবাদ সব সময়ই চলমান থাকবে৷ কারো কথায় কান না দিয়ে আগামী নির্বাচনে আপনারা ন্যায় বিচার করবেন এটাই প্রত্যাশা।
এম এ মান্নান বলেন, জামায়াতে ইসলাম কি সেটা দেশের মানুষ জানে। জামায়াতের নিবন্ধন আছে কি না বা তারা সংসদ নির্বাচন করতে পারবে কি না সেটা সরকারের দেখার বিষয় নয়। নির্বাচন কমিশন আছে তারা দেখবে। তারা যে সিদ্ধান্ত দেবে আমরা মেনে নিব৷ নির্বাচন কনিশন সম্পূর্ণ স্বাধীন৷
দেশের ব্যাংকখাতের ব্যাপারে তিনি বলেন, ব্যাংক থেকে যারা ঋণ নিয়ে পরিশোধ করছেন না তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের মাধ্যমে ব্যাংক কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে৷
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাসুদুর রউফ পল্লব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনসহ আরও অনেকে৷
(সুরমামেইল/এইচএসএ/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি