সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৩
সুনির্মল সেন :
প্রতিটি জাতীয় সংসদ নির্বাচন আসলে সিলেটের ওসমানীনগর-বিশ্বনাথ হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। এর পেছনের কারণটি হলো, সিলেট নির্বাচনি-২ আসনটি ছিলো এক সময়ের বিএনপির প্রভাবশালী ও দাপুটে নেতা ইলিয়াস আলীর। তিনি জাতীয় সংসদ সদস্য থাকাকালে বিশ্বনাথ-ওসমানীনগরের ব্যাপক উন্নয়ন করেছেন। তাই জাতীয় নির্বাচন আসলে ভোটের মাঠে আজও ফ্যাক্টর হয়ে ওঠেন আপাদমস্তক জিয়াসৈনিক খ্যাত ইলিয়াস আলী।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলার ওসমানীনগর-বিশ্বনাথে জমে উঠেছে নির্বাচনি আমেজ। প্রার্থী-সমর্থকরা শুরু করেছেন প্রচার-প্রচারণা। দুই উপজেলা নিয়ে গঠিত আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলীয়সহ -স্বতন্ত্র মিলিয়ে ৭জন পদপ্রার্থী। ভোটারদের কাছে তারা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
জাতীয়তাবাদি দল- বিএনপি বিহীন জাতীয় নির্বাচনে প্রার্থীরা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিলেও আবারো আলোচনায় উঠে এসেছেন দলটির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলী। বর্তমান অনেক প্রার্থী ইলিয়াস আলী সংসদ সদস্য থাকাকালে তার উন্নয়নচিত্র তুলে ধরে এবং নিখোঁজ হওয়ার পরে নেতাকর্মীদের উপর হামলা ও রাজনৈতিক মামলায় নাজেহাল নেতাকর্মীদের প্রতি দরদ দেখাচ্ছেন।
বিএনপি নির্বাচনে অংশ না নিলেও বিএনপির ভোট টানতে বিভিন্ন কৌশলে রয়েছেন একাধিক প্রার্থী। একাধিক মামলায় নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের খোঁজ করে তাদের বাড়ি-বাড়ি গিয়ে সহানুভূতি দেখিয়ে ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার আন্দোলন বেগবানে করতে সহায়তার আশ্বাস দিয়ে বিএনপির নেতাকর্মীদের ভোট টানতে ব্যস্ত সময় পার করেছেন নির্বাচনে অংশ নেয়া প্রার্থী সমর্থকরা।
এদিকে, এসব বিষয়ে কান না দিতে আহবান জানিয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদির লুনা। এক প্রেস বিজ্ঞপ্তিতে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর নাম ব্যবহার করে যারা নির্বাচনে ফায়দা লুঠতে চেষ্টা করছে তাদের ষড়যন্ত্রে বিশ্বাস না করে বিএনপি নেতাকর্মীদের নির্বাচনে অংশ গ্রহণ না করার আহবান জানিয়েছেন তিনি।
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে নিখোঁন হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। প্রায় ১১ বছর ধরে ‘নিখোঁজ’ এম.ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার আশা রাখছেন বিএনপির নেতাকর্মীরা। এমন অবস্থায় আসন্ন জাতীয় নির্বাচনে সিলেট-২ আসেন জাতীয় পার্টির মনোনিত প্রার্থী ইয়াহইয়া চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান,গনফোরামের মোকাব্বির খান এবং তৃণমূল বিএনপির মনোনিত প্রার্থী আব্দুর রব মল্লিক প্রশংসায় ভাসাচ্ছেন ইলিয়াস আলীকে। নির্বাচনী সভা সমাবেশে তুলে ধরছেন ইলিয়াস আলীর উন্নয়ন কর্মকাণ্ড। তৃণমূল বিএনপি মানেই বিএনপি- সাধারণ ভোটারদের এমনটা বুঝাচ্ছেন আব্দুর রব মল্লিক। ইলিয়াস আলীর নাম ব্যবহার করে এমপি হওয়ার স্বপ্নে তারাও বিভোর।
আব্দুর রব মল্লিক বিভিন্ন সভা-সমাবেশে বলছেন, বিগত ১৯৭১ সাল থেকে ২০২৩ পর্যন্ত যত এমপি এখানে এসেছেন সব এমপি মিলে ওসমানীনগর-বিশ্বনাথের যতটুকু কাজ করিয়েছেন তার থেকে দ্বীগুন কাজ করিয়েছেন এম ইলিয়াস আলী। ইলিয়াস ভাই যেখানে থাকুক আমাদের মাঝে ফিরে আসুক আমরা দোয়া করি তার জন্য। ইলিয়াস ভাই যদি নির্বাচনের একদিন আগেই আসেন তাহলে আমি এই নির্বাচন প্রত্যাহার করব।
এই আসনে জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপির প্রার্থী বিএনপির ভোটারদের কাছে টানার চেষ্টায় রয়েছেন। তাই ‘নিখোঁজ’ এম. ইলিয়াস আলীর কথা বলে বিএনপির ভোটারদের মনে জায়গা করে নিতে চালাচ্ছেন প্রচেষ্ঠা। ভোটারদের কাছে টানতে ও পক্ষ-প্রতিপক্ষকে দুর্বল করতে ইলিয়াস আলীকে সামনে এনে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা। সব কিছু ছাপিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি না থাকলেও ভোটের মাঠে ফ্যাক্টর হয়ে আলোচনায় রয়ে গেছেন ইলিয়াস আলীসহ তার পরিবার।
বিএনপির সমর্থিত সাধারণ ভোটাররা জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরীকে ভোট দিবেন এমন প্রত্যাশা করে তিনি বলেন, ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিএনপি’র প্রত্যেকটা নেতাকর্মীরা ১৩ থেকে ২০ টা পর্যন্ত সর্বোচ্চ মামলার আসামি হয়েছেন। কিন্তু আমার ৫ বছরে ওসমানীনগর-বিশ্বনাথের একজন নেতাকর্মীরও রাজনৈতিক মামলার আসামী হয়নি। তারা নির্বাচন বয়কট করে ঘরে বসে থাকলেও পরবর্তীতে যে মামলার থেকে রেহাই পবে তার কোন গ্যারান্টি নেই। আমি এমপি থাকাবস্থায় তারা সবচেয়ে বেশি নিরাপদে ছিল। তাই বিএনপির কর্মী সমর্থকরা অল্টারনেটিভ হিসেবে আমাকে ভোট দিবে এটা বিশ্বাস রয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি এসটি এম ফখর উদ্দিন বলেন, পরিকল্পিত পাতানো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না। সুতরাং আমাদের কোনো প্রার্থী নেই। ইলিয়াস পরিবারের নাম ভাঙ্গিয়ে কেউ নির্বাচন করতে গেলে এর সমুচিত জবাব আমরা দেব। তৃণমূল বিএনপি বলতে আমরা কিছু জানি না। আমাদের নেতাকর্মীদের আমরা মেসেজ দিয়েছি- সাজানো নির্বাচন বর্জন করার।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি