সিলেট ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৩
নিজস্ব প্রতিবেদক :
“প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম-প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো।” এক মাসের সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় আজ ঈদুল ফিতর উদযাপন করবে। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায়। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এরমধ্য দিয়ে প্রসারিত হয় ইসলামে বর্ণিত সাম্যের জয়গান।
শুক্রবার (২১ জানুয়ারি) বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ (শনিবার) সিলেটসহ সারাদেশে ঈদুল ফিতর উদযাপন হবে।
এবার সিলেট ঐতিহাসিক শাহী ঈদগাহসহ ৯০টি ঈদ জামাত হবে। এছাড়া ঈদের নামাজ আদায় করা হবে আরও ৪৩৭টি মসজিদে। এসব জামাতে নিরাপত্তার জন্য ড্রোন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা, সারভিলেন্স, মেটালডিটেক্টর, বোম ডিজপোজাল ইউনিট, সিআরটি, পোশাকধারী ও সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা মাঠে থাকবেন।
এরইমধ্যে পরিবার-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সিলেট শহর থেকে গ্রামে ছুটে গেছেন সাধারণ মানুষ।
এদিকে ঈদের এই লম্বা ছুটিতে নগরীর বাসাবাড়িসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রায় অর্ধশত টহল পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড কমিউনিটি) সুদীপ দাস। তিনি জানান, ঈদের সময়টাতে সিলেটে পর্যটকদের আনাগোনা বাড়ে। তাই তাদের নিরাপত্তা নিশ্চিতেও তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রেওয়াজ অনুযায়ী এ বছরও ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি। ১০ বছর দায়িত্ব পালনের পর এবার শেষবারের মতো বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এদিকে ঈদের দিন সকাল ১০টায় গণভবনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। করোনাভাইরাস মহামারির কারণে গত তিন বছর ঈদের দিন প্রধানমন্ত্রীর কোনও আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না। এ বছর আগের মতোই ঈদের দিন মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক নেতা, তিন বাহিনী প্রধান, কূটনীতিক, জ্যেষ্ঠ বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ইসলাম ধর্মীয় পরিভাষায় এর অর্থ হলো পুরস্কারের দিবস। দীর্ঘ এক মাস রমজানে সংযমের পর মুসলমানরা এ দিনে আনন্দ করেন। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী রমজান শেষ হলেই শুরু হয় শাওয়াল। উৎসব হিসেবে ঈদুল ফিতর পালন করা হয় এ মাসের প্রথম দিনে।
ঈদুল ফিতরের এই দিনে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সুরমা মেইল ডটকম’র পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, প্রশাসন, সরকারী-বেসরকারী, মানবধিকার সংগঠন, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন, জনপ্রতিনিধি, শুভানুধ্যায়ী, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা ও দেশবাসীসহ ‘আমাদের সকল পাঠক বন্ধুদের জানাই ঈদ মোবারক ও অনেক অনেক শুভেচ্ছা। দিনটি আপনাদের সকলের আনন্দে কাটুক এটাই আমাদের একান্ত কামনা।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি