সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৪
সুরমামেইল ডেস্ক :
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের অনুমোদন দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
সোমবার সন্ধ্যায় সচিবালয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য জানান। চলতি মাসে আদালত বিচার কার্যক্রম শুরু করবে বলেও জানিয়েছেন তিনি।
আসিফ নজরুল বলেন, আমরা সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে হাইকোর্টের দুজন বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজকে নিয়ে মানবতাবিরোধী যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনের কাজ সম্পন্ন করেছি।
উপদেষ্টা বলেন, এর মাধ্যমে আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করার ছিল এ বিচার কাজ শুরু করার ব্যাপারে, এটার একটা বড় ধাপ সম্পন্ন হয়েছে। আমরা আশা করবো খুব শিগগির, অচিরেই বিচার কাজ শুরু হয়ে যাবে।
আন্তর্জাতিক অপরাধ আদালতের চেয়ারম্যান হিসেবে আছেন হাইকোর্টের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। এছাড়া সদস্য হিসেবে আছেন হাইকোর্টের আরেকজন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি