সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৪
সুরমামেইল ডেস্ক :
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চারজন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার (১২ আগস্ট) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন- বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।
বাংলাদেশের সংবিধানের ৯৫(১) ধারা অনুযায়ী, প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি অন্যান্য বিচারপতিদের নিয়োগ দিয়ে থাকেন। এছাড়া, ৯৫(২) ধারা অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারক পদে নিয়োগ লাভের জন্য অন্তত ১০ বছর সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন বা বিচার বিভাগীয় পদে অধিষ্ঠিত থাকার প্রয়োজন রয়েছে।
এর আগে, রোববার (১১ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পাঁচজন বিচারপতি পদত্যাগ করেন। তারা হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। একইদিন বিকেলে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
(সুরমামেইল/এমকেএইচ)
Design and developed by ওয়েব হোম বিডি