সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: ইয়েমেনে মহামারী আকারে কলেরা ছড়িয়ে পড়ার জন্য দেশটির ওপর সৌদি আগ্রাসনকে দায়ী করেছে জাতিসংঘ।
সংস্থাটির মানবিক ত্রাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল স্টিফেন ও’ব্রায়েন বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন, সৌদি আগ্রাসনের ‘সরাসরি ফল’ হিসেবে ইয়েমেনে প্রাণঘাতী রোগটি ছড়িয়ে পড়েছে। তিনি এ আগ্রাসনকে ‘আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন’ বলে অভিহিত করেন।
ও’ব্রায়েন বলেন, এই কলেরা সম্পূর্ণ মানুষের হাতে সৃষ্ট একটি কলঙ্ক। ইয়েমেন সীমান্তের বাইরে থেকে যেসব পক্ষ দেশটির সংঘর্ষে জড়িত রয়েছে, নেতৃত্ব দিচ্ছে, অস্ত্র সরবরাহ ও যুদ্ধ করছে এবং সর্বোপরি ভয় ও আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে তারাই এর জন্য দায়ী।
নিরাপত্তা পরিষদকে তিনি আরো জানান, ইয়েমেনের বাইরের এই পক্ষগুলোকে শক্তিশালী ও কার্যকরভাবে নিষ্ক্রিয় করতে হবে।
২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের নিরীহ মানুষের ওপর বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব। এই আগ্রাসনে সৌদি আরবকে সমরাস্ত্র, প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে আমেরিকা ও ব্রিটেন। সূত্র : পার্সটুডে
Design and developed by ওয়েব হোম বিডি