সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ পূর্বাহ্ণ, জুন ৭, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: এবার প্যারিসের কেন্দ্রস্থলে নটর ডেম ক্যাথেড্রালের কাছে পুলিশের ওপর হামলা হয়েছে। লন্ডনের হামলার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার প্যারিসে এই হামলার ঘটনা ঘটলো।
হামলাকারী পুলিশের গুলিতে আহত হয়েছে বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান নটর ডেম ক্যাথেড্রালে আটকে পড়া অনেকে গোলাগুলির আওয়াজ পাওয়ার কথা জানান।
ফরাসি পুলিশ জানায়, নটর ডেম ক্যাথেড্রালের বাইরে এক ব্যক্তি হাতুড়ি নিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে। পরে তাকে গুলি করা হয়েছে।
ফরাসি গণমাধ্যম জানায়, হামলাকারী ক্যাথেড্রালের কাছে প্যারিসের পুলিশ সদরদপ্তরে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তার ওপর চড়াও হয়। এ সময় পুলিশের গুলির আওয়াজে দর্শণার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এলাকাটি বন্ধ করে দিয়েছে এবং লোকজনকে দূরে সরে থাকতে বলেছে।
এক টুইটার বার্তায় পুলিশ জানায়, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একজন পুলিশ আহত হয়েছেন।’
এক মার্কিন পর্যটক বলেন, ‘আমি কেবল ক্যাথেড্রালে ঢুকছিলাম। তখনই শোরগোল শুনতে পাই। গুলির আওয়াজ কানে আসে। ঘুরে দাঁড়িয়েই দেখি হামলাকারী গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে আছে।’
প্যারিসে ২০১৫ সালে জঙ্গি হামলায় ১৩০ জন নিহত হওয়ার পর থেকে ফ্রান্সে জরুরি অবস্থা জারি ছিল।
Design and developed by ওয়েব হোম বিডি