সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৯
সিলেটের ওসমানী হাসপাতালে অন্ত:সত্ত্বা স্ত্রীর মরদেহ ফেলে স্বামী লাপাত্ত। খবর পাওয়ার পর গৃহবধূর বাবার বাড়ির লোকজন হাসপাতালের হিমঘরে গিয়ে মরদেহের সন্ধান পায়। তবে ওখানে স্বামীর পক্ষের কাউকেই তারা পাননি।
মঙ্গলবার (০৮ জানুয়ারি) এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।
বুধবার (০৯ জানুয়ারি) চম্পার মরদেহের ময়নাতদন্ত শেষে তার বাবার বাড়ির লোকজনের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
চম্পা রানী মালাকার (২৫) সিলেটের দক্ষিণ সুরমার সদরখলা গ্রামের মৃত বিমল মালাকারের মেয়ে ও সিলেট সদর উপজেলার রাজারগাঁও হাটখোলা গ্রামের নকুল সূত্রধরের স্ত্রী।
গৃহবধূ চম্পার চাচি নিবু মালাকার থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, প্রায় ৯ মাস আগে সিলেট শহরতলীর রাজারগাঁও হাটখোলা গ্রামের মৃত রবীন্দ্র সূত্রধরের ছেলে নকুল সূত্রধরের সঙ্গে চম্পার বিয়ে হয়। এরপর থেকে নকুল যৌতুকের দাবিতে চম্পাকে নির্যাতন করে আসছিল।
চম্পার ভাই উজ্জ্বল মালাকার জানান, আগামী ২১ জানুয়ারি চম্পার ডেলিভারির কথা ছিল। কিন্তু বুধবার সকালে ফোন করে জানানো হয় চম্পা ওসমানী হাসপাতালে মারা গেছে। খবর পেয়ে চম্পার মরদেহ ওসমানী হাসপাতালের হিমঘরে দেখতে পান তারা। তিনি আরো জানান, তার বোন চম্পাকে হত্যা করে মরদেহ হাসপাতালে ফেলে স্বামী নকুল পালিয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ হারুনুর রশীদ জানান, চম্পার মৃত্যু হত্যাকাণ্ড দাবি করে তার স্বজনরা থানায় অভিযোগ করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি