সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৩
কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় লাঠির আঘাতে মাকে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সাধন নুনিয়াকে আটক করেছে পুলিশ।
বুধবার (০৮ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে কমলগঞ্জ উপজেলার আলিনগর ইউনিয়নের আলিনগর চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। একইদিন বিকেলে কমলগঞ্জ চা বাগান এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা দেয়ন্তী নুনিয়াকে লাঠি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে আহত করেন সাধন। মায়ের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে গেলে সাধন পালিয়ে যান। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার দেয়ন্তীকে স্থানীয় ক্যামেলিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮টার দিকে তার মৃত্যু হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী জানান, পুলিশের অব্যাহত অভিযানে অভিযুক্ত সাধন নুনিয়াকে রাতেই আটক করতে সক্ষম হয় পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সাধন নুনিয়াকে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
(সুরমামেইল/এইচএস)
Design and developed by ওয়েব হোম বিডি