কিসের ইঙ্গিত মোদীর? ডিসেম্বরের পরে আবার কিছু হতে পারে!

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৬

কিসের ইঙ্গিত মোদীর? ডিসেম্বরের পরে আবার কিছু হতে পারে!

Manual7 Ad Code

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: গত ৮ নভেম্বর রাতে তাঁর এক ঘোষণাতেই তোলপাড় হয়ে গিয়েছিল দেশ। নোট বদল নিয়ে গোটা দেশে আমজনতার হয়রানির মধ্যেই ফের মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মানুষের অসুবিধা হচ্ছে মেনে নিয়েও তাঁর দাবি, দেশবাসী সরকারের সঙ্গে আছে। একই সঙ্গে কালো টাকার কারবারিদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী। ইঙ্গিত দিয়েছেন, কালো টাকার মজুতদারদের বিরুদ্ধে ৩০ ডিসেম্বরের পরে আরও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।

Manual3 Ad Code

এদিন জাপানে অনাবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দেন, ‘স্বাধীনতা থেকে এখনও পর্যন্ত সব বেহিসেবি আয়ের খরচ পরীক্ষা করে দেখব। যত লোক প্রয়োজন লাগিয়ে দেব। যারা আমায় চেনে, তারা জানে। যাদের হাতে বেহিসেবি টাকা আছে তাদের ব্যাঙ্কে না গিয়ে গঙ্গায় গিয়ে স্নান করা ভাল। পয়সা ফেরত পাও না পাও, পুণ্য তো হবে। সৎ মানুষদের জন্য সরকার সব কিছু করবে। কিন্তু বেইমানদের সরকার ছাড়বে না।’

Manual3 Ad Code

প্রধানমন্ত্রী এদিন দাবি করেছেন, রাতারাতি কিছু হয়নি। তিনি ক্ষমতায় আসার পরে কালো টাকা ফেরত দেওয়ার জন্য অনেক সুযোগ দিয়েছেন। কিন্তু অধিকাংশ কালো টাকার মালিক সেই সুযোগ নেয়নি। এবারে তাই বাধ্য হয়েই সরকারকে এমন কড়া পদক্ষেপ নিতে হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন ‘৩০ ডিসেম্বর পর্যন্ত সময় আছে। হুড়োহুড়ি করলে একটু অসুবিধা হবে। কিন্তু দেশবাসী নিজেদের অধিকারের টাকা ফেরত পাবে।’ এর পরেই কালো টাকার মালিকদের সতর্ক করে মোদী বলেন, ‘৩০ ডিসেম্বর এই স্কিম শেষ হলে আরও কিছু আসবে না তার কোনও গ্যারান্টি নেই। আমি সুযোগ দিয়েছিলাম। যে নেয়নি এবারে সে এবং তার ভাগ্য এবার বুঝবে।’

প্রধানমন্ত্রীর অবশ্য দাবি, ‘নোট বাতিলের জন্য অসুবিধা হবে জানতাম, অসুবিধা সত্ত্বেও মানুষ কিন্তু আমাদের পাশে। এই পদক্ষেপ নেওয়া জরুরি ছিল।’  কোনও সন্দেহ নেই, বেহিসেবি ৫০০ এবং ১০০০ টাকার নোট নিয়ে যারা গত কয়েকদিনে জেরবার হয়েছে, প্রধানমন্ত্রীর এদিনের হুঁশিয়ারির পরে তাদের রক্তচাপ আরও বেড়ে যাবে! সুত্র: এবেলা

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code