সিলেট ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৯
সুরমা মেইল ডেস্ক : রাজধানীতে গত ১৮ ও ২২ সেপ্টেম্বর ৮টি ক্লাবে অভিযান চালায় র্যাব ও পুলিশ। এ সময় বিপুল পরিমাণ জুয়ার বোর্ড, ক্যাসিনোর ডিজিটাল যন্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে চারটি ক্লাবে ৩০টি লকার (সিন্দুক) ভেঙে পাওয়া যায় ক্যাসিনো সরঞ্জাম, বিপুল পরিমাণ মাদক ও টাকা।
অভিযানের সঙ্গে সম্পৃক্ত র্যাব-পুলিশের কর্মকর্তারা জানান, ক্লাবগুলো থেকে জব্দ করা ৩০ লক্ষাধিক টাকা এরইমধ্যে সরকারের কোষাগারে রাখা হয়েছে। জব্দ হওয়া ৩০টি লকার, বিপুল পরিমাণ জুয়ার সামগ্রী, ডিজিটাল ক্যাসিনো যন্ত্র ও মাদক ধ্বংস করা হবে। এ ব্যাপারে আদালতের সিদ্ধান্ত নেওয়া হবে। এরইমধ্যে আদালতে একটি আবেদনও করা হয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর রাতে অবৈধ অস্ত্র, মাদক ও ক্যাসিনো চালানোর অভিযোগে গুলশানের বাসা থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে অস্ত্রসহ আটক করে র্যাব। এ সময় তার বাড়ি থেকে তিনটি অস্ত্র, গুলি, ৫৮৫ পিস ইয়াবা, ১০ লাখ ৩৪ হাজার ৫৫০ টাকা এবং ৬ থেকে ৭ লাখ টাকা সমমানের বিদেশি মুদ্রা জব্দ করা হয়। অস্ত্রগুলোর একটি লাইসেন্সবিহীন, অপর দুটি লাইসেন্সের শর্ত ভঙ্গ করে রাখা হয়েছিল।
যুবলীগ নেতা খালেদকে আটককালে একই সময় তার নিয়ন্ত্রণাধীন ফকিরাপুলের ইয়াংমেন্স ক্লাবের ক্যাসিনোতে অভিযান পরিচালনা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ক্লাব থেকে ২৪ লাখ ২৯ হাজার নগদ টাকা ও মাদকসহ ১৪২ জনকে আটক করা হয়।
গত ২০ সেপ্টেম্বর যুবলীগের কেন্দ্রীয় সমবায় সম্পাদক জি কে শামীমের নিকেতনের বাড়ি ঘেরাও করে অভিযান চালায় র্যাব। এ সময় তার নিকেতনের অফিস থেকে প্রায় ১২৫ কোটি টাকার এফডিআর নথি জব্দ করা হয়। এছাড়া ৭টি অস্ত্রসহ নগদ ১০ কোটি টাকা উদ্ধার করা হয়। একই দিন বিকালে কলাবাগান স্পোর্টিং ক্লাবে অবৈধ জুয়া বা ক্যাসিনো পরিচালনার দায়ে র্যাব শফিকুল আলম ফিরোজ ওরফে কালা ফিরোজকে গ্রেফতার করে। ফিরোজ রাজধানীর কলাবাগান স্পোর্টিং ক্লাবের সভাপতি ও কৃষক লীগের কেন্দ্রীয় নেতা।
গত ২২ সেপ্টেম্বর মতিঝিল ও পল্টন থানার পুলিশ যৌথভাবে মোহামেডান, আরামবাগ, ভিক্টোরিয়া ও দিলকুশা ক্লাবে অভিযান পরিচালনা করে। ভিক্টোরিয়া ক্লাব থেকে জুয়া খেলার ৯টি বোর্ড, ১ লাখ টাকা, বিপুল পরিমাণ তাস, জুয়ায় ব্যবহৃত চিপস ও মদ পাওয়া যায়। মোহামেডানে পাওয়া গেছে ২টি লকার, ২টি রুলেট টেবিল, ৯টি বোর্ড, বিপুল পরিমাণ কার্ড, ১১টি ওয়্যারলেস সেট ও ১০টি বিভিন্ন ধরনের ছুরি। আরামবাগ ও দিলকুশা ক্লাবেও বাকারা, রুলেট টেবিলসহ বিভিন্ন জুয়ার সরঞ্জাম পেয়েছে পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশে অনলাইন ক্যাসিনো পরিচালনার গডফাদার সেলিম প্রধানকে গ্রেফতার করে র্যাব। সেলিম দীর্ঘ ৩০ বছরে তার অপরাধজগতের ফিরিস্তি র্যাবের কাছে স্বীকার করেছেন।
সেলিম অপরাধজগতে নামার পর সাড়ে ৩০০ কোটি টাকা পাচারের তথ্যও র্যাবকে দিয়েছেন। র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদে বেরিয়েছে তার নারী কেলেঙ্কারির চাঞ্চল্যকর নানা তথ্য। জানা গেছে, সারা রাত সেলিম অফিসের গোপন কক্ষে মেয়েদের সঙ্গে সময় কাটাতেন।
সেলিম প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার গুলশানের কার্যালয় এবং বনানীর বাসায় অভিযান চালান র্যাবের সদস্যরা। এ অভিযানে ৪৮টি বিদেশি মদ, নগদ ২৯ লাখ টাকা, ২৩টি দেশের মোট ৭৭ লাখ সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ১২টি পাসপোর্ট, ২টি হরিণের চামড়া, ৩টি ব্যাংকের ৩২টি চেক এবং অনলাইন গেমিং পরিচালনার একটি বড় সার্ভার জব্দ করা হয়।
র্যাব জানায়, অনলাইনে ক্যাসিনোতে জুয়াড়িদের টাকা তিনটি গেটওয়েতে জমা হতো। সেলিম প্রধানের সহকারী মো. আক্তারুজ্জামান প্রতি সপ্তাহে সেসব গেটওয়ের টাকা তুলে সেলন, যমুনা ও কমার্শিয়াল তিনটি ব্যাংক অ্যাকাউন্টে জমা করতেন। এরপর সেসব টাকা হুন্ডির মাধ্যমে বা ব্যক্তির সঙ্গে করে বিদেশে চলে যেত। এমনকি বিভিন্নভাবে লন্ডনেও টাকা পাঠিয়ে আসছিলেন সেলিম প্রধান।
সেলিমের কোম্পানির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, পি২৪ গেমিং শুরুতে বিনোদনমূলক সফটওয়্যার তৈরি ও প্রকাশ করত। এখন তারা এশিয়ায় দ্রুত বড় হতে থাকা ক্যাসিনো কারবারে সক্রিয় ভূমিকা রাখছে। এশিয়ার লাইভ ক্যাসিনো মার্কেটে প্রতিষ্ঠানটি যেন এক নম্বরে যেতে পারে, সেই চেষ্টা আছে তাদের। ২০১৬ সালে তারা শুধু কম্পিউটার গেমস বাজারে আনত। পরে অনলাইন জুয়া ও ক্যাসিনো কারবারে জড়িয়ে পড়ে। পি২৪-এর সঙ্গে বাংলাদেশে ১৫০টি অপারেটর এবং ক্যাসিনো যুক্ত আছে। অনলাইনে বিশ্বের সবচেয়ে প্রচলিত ক্যাসিনোর সঙ্গে যুক্ত করে দেয়ার ক্ষমতা আছে তাদের। জুয়াড়িদের মুঠোফোনে লাইভ ক্যাসিনোতে যুক্ত করে দেওয়ার সুবিধা তারা এনেছে গত বছরের ৭ ডিসেম্বর।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি