সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০১৯
পুরান ঢাকার চকবাজারে অগ্নিদগ্ধদের চিকিৎসা খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।
তিনি বলেছেন, আহতদের চিকিৎসার জন্য সব হাসপাতালগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে আহতদের বিনামূল্যে চিকিৎসা চলছে। তারা যেন রোগী যাওয়া মাত্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অগ্নিদগ্ধদের জন্য পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা আছে। ঢাকা মেডিকেলসহ কয়েকটি হাসপাতালকে রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিমতলির ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে চকবাজারের এ ঘটনা।
চকবাজারের ঘটনায় নিহতের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ঢাকার আবাসিক এলাকাগুলো থেকে কেমিক্যালের গুদাম যেন না থাকে, সে ব্যবস্থা করতে হবে। অবশ্যই দ্রুত এসব গুদাম স্থানান্তর করতে হবে।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় ১০ জন চিকিৎসাধীন রয়েছেন জানিয়ে ডা. জাহিদ মালেক বলেন, এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জেনেছি। আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
এর আগে বুধবার রাত সাড়ে ১০টার কিছু পর চকবাজারের চুড়িহাট্টা মসজিদের পাশের কয়েকটি ভবনে আগুন লাগে। এতে ৭০ জনের প্রাণহানি ঘটে।স্থানীয়রা বলছেন, চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা আশপাশের কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে।
Design and developed by ওয়েব হোম বিডি