সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের দ্বিতীয় দিনে রাজধানী ওয়াশিংটনে নারীদের বিশাল সমাবেশ হয়েছে। এ সমাবেশের প্রতি সমর্থন জানিয়ে পুরো আমেরিকায় অন্তত ৩০ লাখ মানুষ বিক্ষোভ করেছে। আমেরিকার সমাবেশের প্রতি সমর্থন জানিয়ে সারা বিশ্বের বিভিন্ন শহরেও বিক্ষোভ-সমাবেশ হয়েছে।
ইউরোপ থেকে এশিয়া ও আফ্রিকার অন্তত ৬০০ শহরে ট্রাম্প-বিরোধী বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা নারী অধিকার এবং সাধারণভাবে মানবাধিকার রক্ষার দাবি জানিয়েছে। পাশাপাশি ট্রাম্পের বিভিন্ন কর্মসূচির বিরোধিতা করেছে। রাজধানী ওয়াশিংটনের ন্যাশনাল মল ও তার আশপাশের রাস্তায় শনিবার প্রায় পাঁচ লাখ মানুষ বিক্ষোভ করে। ট্রাম্পের শপথ অনুষ্ঠানের দিনে যত মানুষ বিক্ষোভ করেছে তার চেয়ে অনেক বেশি মানুষ শনিবারের বিক্ষোভ-সমাবেশে অংশ নিয়েছে। বিক্ষোভ হয়েছে বোস্টন, নিউ ইয়র্ক, শিকাগো ও লস অ্যাঞ্জেলেসের মতো বড় বড় শহরেও।
এছাড়া কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, জার্মানি, জাপান, ফ্রান্স, ভারত ও কেনিয়াতে বিক্ষোভ হয়েছে।
গত নভেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর হাওয়াইয়ের এক বৃদ্ধা ফেইসবুকের মাধ্যমে এ বিক্ষোভের ডাক দিয়েছিলেন। আয়োজকরা বলছেন, নাগরিক ও নারীর অধিকারের বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য তারা এ কর্মসূচি হাতে নিয়েছেন। আমেরিকার বহু মানুষ আশংকা করছে, ট্রাম্পের আমলে এসব অধিকার খর্ব হবে। সূত্র : পার্সটুডে
Design and developed by ওয়েব হোম বিডি