সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে ডিবি পরিচয়ে র্যাব সদস্যের বাড়িতে ডাকাতি করা আন্তঃজেলা ডাকাত দল নেতাকে গ্রেফতার করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প।
গ্রেফতার ডাকাত দলের নেতা কালন মিয়া (৪৩) কমলগঞ্জের শ্রীপুর গ্রামের মৃত গণি মিয়ার ছেলে।
রোববার (১২ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত সংবাদবিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানায়- গত ৬ নভেম্বর রাতে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ি গ্রামের সেনা সদস্য (বর্তমান র্যাব-এ কর্মরত) সুনীল সিংহের বাড়ীতে মুখোশধারী চার ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে।
এ সময় তার বৃদ্ধ পিতা চন্দ্র সিংহ (৭৫), মা কৃষ্ণকুমারী সিনহা (৫৫) ও চাচী রাজকুমারী সিনহাকে (৫০) অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেধে রাখে।
পরে ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল সেটসহ নগদ অর্থ লুঠ করে নিয়ে যায়। তাদের চলে যাওয়ার পর তাদের চিৎকারে গ্রামবাসীরা এগিয়ে এলে ঘরের মধ্যে বাধা অবস্থায় দেখতে পান তারা। পরে বৃদ্ধার পরিবার সবাইকে ঘটনার বিবরণ দেন। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
এরই প্রেক্ষিতে আসামীদের আইনের আওতায় আনতে র্যাব-৯ চাঞ্চল্যকর এই ডাকাতির ঘটনার ছায়া তদন্ত শুরুসহ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। তদন্তের এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয়।
এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ মৌলভীবাজার এর একটি আভিযানিক দল শনিবার (১১ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কমলগঞ্জ’র আলোচিত ও চাঞ্চল্যকর ডাকাতি মামলার মূলহোতা কালন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অস্ত্র, চুরি ও ডাকাতির একাধিক মামলা চলমান রয়েছে বলে জানায় র্যাব। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কমলগঞ্জ থানায় হস্থান্তর করা হয়।
(সুরমামেইল/এমবিএন)
Design and developed by ওয়েব হোম বিডি