সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
নরসিংদীর শিবপুরে মাইক্রোবাসকে ট্রাকের চাপা দেয়ার ঘটনায় সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে এ দুঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝালকাঠির রাজাপুর থানার আব্দুল গণি হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদার (৩৭), টাঙ্গাইলের দেলদোয়ার থানার মীর মোতাহার হোসেনের ছেলে সবুজ মিয়া (৩২), মির্জাপুরের আইয়ুব খানের ছেলে আল আমিন (২৭), মাদারীপুরের কালকিনি উপজেলার তোফায়েল হাওলাদারের ছেলে আব্দুল আউয়াল (৪০), বরিশালের মুলাদী এলাকার মুজিবুর হাওলাদারের ছেলে আরিয়ান ওরফে রায়হান (২৫), জামালপুরের সরিষাবাড়ির দুদু মিয়ার ছেলে রাজু মিয়া (৩৭) ও গাড়িচালক মো. নাসির উদ্দিন। তারা সকলেই সাভারের এসবি নিটিং লিমিটেড নামক একটি পোশাক কারখানার কর্মকর্তা-কর্মচারী।
পুলিশ জানায়, সাভারের এসবি নিটিং লিমিটেড নামে একটি পোশাক কারখানার ১১ কর্মকর্তা-কর্মচারী রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাস নিয়ে সিলেট ভ্রমণে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান। আহতদের নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে একজন ও হাসপাতালে আরও একজন মারা যান। গুরুতর আহত হন চার জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী এক অটোচালক জানান, প্রবল বৃষ্টির সময় মাইক্রোবাসটি দ্রুতগতিতে এসে ওভারটেক করতে গিয়ে হঠাৎ ট্রাকটির সামনে পড়ে।
নরসিংদী সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. তৌহিদুল আলম জানান, হাসপাতাল আনার পথে একজন ও হাসপাতালে আরও একজন মারা যান।
ইটাখোলা ফাড়ির ইনচার্জ মো. কবির হোসেন জানান, রাত ৩টার দিকে মাইক্রোবাসকে ট্রাকের চাপা দেয়ার ঘটনায় মোট সাত জন নিহত হয়েছেন। আহতদের ঢাকায় প্রেরণ করা হয়ছে। ট্রাকসহ ট্রাক চালককে আটক করা হয়েছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি