সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের লেক চাদ দ্বীপে দুটি পৃথক হামলায় কমপক্ষে ৩১ জেলে নিহত হয়েছেন। সোমবার রাতে বোকো হারাম এ হামলা চালায়।
দ্বীপটির স্থানীয় জেলে ও পাহারাদাররা একথা জানিয়েছে। দুগুরি ও দাবার ওয়ানজাম দ্বীপের মিঠাপানির খালে জেলেদের উপর এ হামলা চালানো হয়। এ সময় জেলেরা মাছ ধরছিল। তাদের গুলি করে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।
স্থানীয় মিলিশিয়া বাহিনীর সদস্য বাবাকুরা কোলো বলেন, ‘বোকো হারাম সদস্যরা দুগুরি ও দাবার ওয়ানজাম দ্বীপে হামলা চালিয়ে ৩১ জনকে হত্যা করেছে।’
বোকো হারামের বিরুদ্ধে লড়াইরত মাইদুগুরি মিলিশিয়া বাহিনীর সদস্য কোলো আরো বলেন, ‘তারা (বোকো হারাম) দুগুরিতে ১৪ জন এবং দাবার ওয়ানজামে আরো ১৭ জনকে হত্যা করেছে।’
জেলে সাল্লাউ ইনুয়া বলেন, বোকো হারাম প্রথমে দুগুরি দ্বীপে হামলা চালিয়ে ১২ জেলেকে হত্যা ও আরো দু’জনকে জখম করে। পরে তারা মারা যান।
তিনি আরো বলেন, দাবার ওয়ানজামে তারা ১৭ জনকে হত্যা করে।
তবে এই হামলা সম্পর্কে সেনাবাহিনী বা নাইজেরিয়া কর্মকর্তাদের কাছ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
নাইজেরিয়ার সামরিক কর্তৃপক্ষ মিঠা পানির লেকটিতে দুই বছর ধরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এক সপ্তাহ আগে নিষেধাজ্ঞাটি তুলে নেয়া হয়।
নাইজেরিয়া, নাইজার, ক্যামেরুন ও শাদের মধ্য দিয়ে লেকের পানি বয়ে গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি