সিলেট ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মে ১২, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ নাউরুতে অস্ট্রেলিয়ার শরণার্থী শিবিরে আশ্রিত এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাকিব নামে ২৬ বছরের ওই বাংলাদেশি ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন বলে শরণার্থীদের অধিকার নিয়ে কর্মরত একটি সংগঠন দাবি করলেও এ বিষয়ে কোনো বক্তব্য দিতে অস্বীকার করেছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। অবৈধভাবে সমুদ্রপথে আসা আশ্রয়প্রার্থীদের পাপুয়া নিউ গিনির মানুস দ্বীপ অথবা নাউরুর আশ্রয় শিবিরগুলোতে পাঠিয়ে দেয় অস্ট্রেলিয়া। ওই সব আশ্রয় শিবিরের বাজে পরিস্থিতি এবং সেখানে নির্যাতনের খবরে বিভিন্ন মানবাধিকার সংগঠনের পাশাপাশি জাতিসংঘেরও সমালোচনা রয়েছে।
রাকিবকে নিয়ে কয়েক সপ্তাহের মধ্যে নাউরুতে আশ্রিতদের মধ্যে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা, যেখান থেকে বেরোতে বিক্ষোভের অংশ হিসেবে গায়ে আগুন দিয়ে আত্মাহুতির ঘটনা ঘটছে।
সেখানে দীর্ঘ আটকাবস্থার প্রতিবাদে এর আগে ২৩ বছর বয়সী এক ইরানি যুবক এবং ২১ বছরের এক সোমালি যুবতী গায়ে আগুন দেয়। এতে ওই যুবকের মৃত্যু হয়েছে। সোমালি নারী প্রাণে বেঁচে গেলেও এখনও তার অবস্থা আশঙ্কাজনক।
রাকিবের বিষয়ে অস্ট্রেলিয়ার অভিবাসন ও সীমান্তরক্ষা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, বুকে ব্যথা নিয়ে ৯ মে নাউরুর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। হাসপাতালে তার চিকিৎসা চলছিল। কিন্তু কয়েক দফা কার্ডিয়াক অ্যারেস্টের পর আজ (বুধবার) সকালে তিনি মারা যান।
তবে তার অসুস্থতার বিস্তারিত বলতে বা ঘুমের বড়িতে তার মৃত্যুর অভিযোগ নিয়ে কোনো বক্তব্য দিতে অস্বীকার করেছেন অস্ট্রেলিয়ার এই দপ্তরের এক মুখপাত্র। শরণার্থীদের অধিকারের পক্ষে কর্মরত অস্ট্রেলিয়াভিত্তিক ‘রিফিউজি অ্যাকশন কোয়ালিশন’র সমন্বয়ক ইয়ান রিনটৌল বলছেন, বাংলাদেশি এই যুবক অতিরিক্ত ঘুমের বড়ি খেয়েছিলেন বলে সেখানে আশ্রিতরা তাকে জানিয়েছেন। রাকিবের বন্ধুরা বলেছে, নাউরুতে আশ্রিত অন্যদের মুক্তি পেতে যে মরিয়া অবস্থা তা-ই তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। ওই শিবিরের শতাধিক শরণার্থী ও অভিবাসন প্রার্থী নৌকা কিনে নাউরু ছাড়ার অনুমতি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। আমরা তিন বছর ধরে নাউরুতে বন্দির মতো জীবনযাপন করছি। আবারও নৌকায় উঠে নিজেদের মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি আমরা, বলা হয়েছে আবেদনে। পাপুয়া নিউ গিনির সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করার মানুস দ্বীপে অস্ট্রেলিয়ার আশ্রয়শিবির বন্ধের ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
Design and developed by ওয়েব হোম বিডি