সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২১
সুরমা মেইল ডেস্ক : সাতক্ষীরার মিলবাজারে বিদ্যুৎস্পৃষ্টে হাবিবুর রহমান ভুট্টো নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (০৮ ফেব্রুয়ারি) সকালে সাতক্ষীরা শহরের মিলবাজার এলাকায় এ ঘটনা ঘটে। হাবিবুর গাইবান্ধার সদুল্যাপুর উপজেলার দামুদার গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিদ্যুতের লাইন মেরামতের জন্য খুঁটিতে উঠে কাজ করছিলেন হাবিবুর। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার শরীরে আগুন ধরে যায়। পরে সেখানেই ঝুলে ছিল তার লাশ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে খুঁটি থেকে তার লাশ উদ্ধার করেন।
জানা গেছে, বিদ্যুৎ বিভাগের লাইন মেরামতের জন্য নিয়োগ করা ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে বিদ্যুৎ বিভাগের কাছে একটি ফিডার বন্ধ করার কথা বলে অন্য ফিডারের খুঁটিতে তোলা হয় হাবিবুরকে। তারে বিদ্যুৎ নেই ভেবে স্বাভাবিকভাবেই কাজ করছিলেন তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনার পর পালিয়ে যান ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সাতক্ষীরা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক বলেন, খুলনার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান খুলনা-সাতক্ষীরা বিদ্যুৎ সংযোগের খুঁটি ও তার পরিবর্তনের কাজ করছে। সকালে একটি ফিডারের কাজ করার জন্য তারা সংযোগ বন্ধ করার অনুরোধ করেন। পরে বিদ্যুৎ বিভাগ তা বন্ধ করে দেয়। অথচ ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী অন্য একটি ফিডারের খুঁটিতে উঠে কাজ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এখানে কার গাফিলতি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি