সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগে করা মামলার প্রতিবেদন আগামী ১০ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ধার্য করেছেন ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম।
আদালত সূত্র বলছে, বুধবার এই মামলার প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য ছিল। আদালতে প্রতিবেদন না আসায় নতুন করে দিন ধার্য করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ফরহাদ মজহারের পরিবারের সদস্যদের ভাষ্য, গত ৩ জুলাই ভোর পাঁচটার দিকে শ্যামলীর হক গার্ডেনের বাসা থেকে বের হন ফরহাদ মজহার। ভোর সাড়ে পাঁচটার দিকে একটি অপরিচিত নম্বর থেকে ফরহাদ মজহার স্ত্রী ফরিদা আখতারকে ফোন করে বলেন, ‘ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে।’ এ ঘটনায় রাজধানীর আদাবর থানায় ফরহাদ মজহারের স্ত্রী বাদী হয়ে মামলা করেন।
ওইদিন রাত সাড়ে ১১টার দিকে যশোরের অভয়নগর এলাকায় খুলনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে তাঁকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর প্রথমে ফরহাদ মজহারকে খুলনায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে সেখান থেকে সকাল পৌনে নয়টার দিকে তাঁকে ঢাকার আদাবর থানায় আনা হয়।
এরপর নিয়ে যাওয়া হয় মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে, সেখান থেকে আদালতে নিয়ে যাওয়া হয়। ভিকটিম হিসেবে সেদিন তিনি আদালতে জবানবন্দি দেন। পরে তাঁকে নিজ জিম্মায় মুক্ত করে দেয় আদালত।
Design and developed by ওয়েব হোম বিডি