‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলরসহ আরও ১১ জনের লাশ

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, মে ২৭, ২০১৮

‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলরসহ আরও ১১ জনের লাশ

Manual4 Ad Code

চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ জেলায় র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক পৌর কাউন্সিলরসহ কমপক্ষে আরও ১১ জন নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত থেকে রোববার (২৭ মে) ভোর পর্যন্ত কক্সবাজারের টেকনাফ, চট্টগ্রামের সীতাকুণ্ড,ঝিনাইদহের শৈলকুপা, চাঁদপুরের মতলব, নোয়াখালীর সোনাইমুড়ি, মেহেরপুরের গাংনী, ময়মনসিংহ, কুষ্টিয়ায়, বাগেরহাট, খুলনা এবং ঠাকুরগাঁওয়ে এসব ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

কক্সবাজার : টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পৌর কাউন্সিলর একরামুল হক (৪৬) নিহত হয়েছেন।

Manual5 Ad Code

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন জানান, রাতে নোয়াখালীপাড়া এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী একরামুল হক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ছয় রাউন্ড গুলি ও ৫টি খালি খোসা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকের অসংখ্য মামলা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

একরামুল হক টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর, টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি পৌরসভার কায়ুকখালীপাড়া এলাকার মৃত আবদুস সাত্তারের ছেলে।

চট্টগ্রাম: শনিবার রাত ১টার দিকে সীতাকুণ্ড উপজেলার নড়ালিয়া বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা রায়হান উদ্দিন (২৮) নিহত হয়েছে। নিহত রায়হান সীতাকুণ্ড উপজেলার গোলাবাড়িয়া এলাকার মালাউল হকের ছেলে।

পু্লিশ ঘটনাস্থল থেকে দু’টি দেশীয় বন্দুক, একটি দা, দু’টি ছুরি, ১০ রাউন্ড গুলি ও ৫ হাজার পিস ইয়াবা জব্দ কর হয়েছে।

ঝিনাইদহ : শৈলকুপায় দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি।

শৈলকুপা থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দা জামালপুর নামক স্থানে রাত সোয়া ১টার দিকে দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত এক মাদক ব্যবসায়ী নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, ১০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস ইয়াবা এবং পিস্তলের দুটি ও বন্দুকের দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেলিম প্রধান (৩৭) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি পুলিশের। শনিবার দিনগত রাত পৌনে ৩টায় মতলব দক্ষিণ উপজেলার হাজীর ডোন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলি, ৬ রাউন্ড কার্তুজ, ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সেলিমের বিরুদ্ধে থানায় ৭টি মাদক মামলা রয়েছে।

নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাদক ব্যবসায়ী মো. হাছান প্রকাশ ইয়াবা হাসান (৩৫) নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার পৌর এলাকার বগাদিয়া ইজতেমা মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি এলজি, সাতটি কার্টুজ, একটি রামদা, তিনটি লম্বা ছেনি, একটি দা ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নিহত হাসান সোনাইমুড়ি পৌরসভার বগাদিয়া মিয়াবাড়ীর হানিফ মিয়ার ছেলে। আহতরা হলেন- পুলিশ কনেস্টবল সোহাগ, জহির মজুমদার ও গোলাম সামদানি।

মেহেরপুর : গাংনীতে দুদল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ হাফিজুল ইসলাম ওরফে হাফি (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত হাফিজুল ইসলাম গাংনী ডিগ্রি কলেজপাড়া এলাকার শহীদ মুক্তিযোদ্ধা হারেজ উদ্দীনের ছেলে।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের গাঁড়াবাড়িয়া বাথান মাঠ এলাকার জনৈক আমজাদ হোসেনের কচুক্ষেতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশি পিস্তল ও ১১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া : কুষ্টিয়ায় পু‌লি‌শের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী হা‌লিম মণ্ডল (৩৫) নিহত হয়ে‌ছেন।

শ‌নিবার দিবাগত রাত দেড়টার দিকে শহ‌রের হাউ‌সিং ‘ডি’ ব্লক মা‌ঠে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। পু‌লি‌শের দাবি, এ ঘটনায় তাদের চার সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থে‌কে পু‌লিশ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করে‌ছে।

ময়মনসিংহ : ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর মরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কনস্টেবল হুমায়ুন ও কনস্টেবল আমির হামজা মারাত্মক আহত হন। তাদের স্থানীয় পুলিশলাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. আশিকুর রহমান জানান, এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ভাগাভাগি করছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। উভয়ের মধ্যে গুলিবিনিময়ের একপর্যায়ে অন্যরা পালিয়ে যায়। পরে এলাকা তল্লাশি করে গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল থেকে ১০০ গ্রাম হেরোইন, চারটি গুলির খোসা, দুটি রামদা ও ১০০ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান ওসি।

বাগেরহাট : বাগেরহাটের চিতলমারীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিটুল বিশ্বাস (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

Manual1 Ad Code

শনিবার রাতে উপজেলার চিংগুড়ি মোচন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিটুল মোচন্দপুর এলাকার খোকা বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, দুই কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। নিহত মাদক বিক্রেতার বিরুদ্ধে ৯টি মাদক মামলা, হত্যা ও পুলিশের ওপর হামলাসহ মোট ২২টি মামলা রয়েছে।

Manual8 Ad Code

খুলনা : খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল কালাম (৪০) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে জেলার দীঘলিয়া উপজেলার বারাকপুর সিদ্দিকপাশা খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

রোববার সকালে খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) এসএম শফিউল্লাহ জানান, নিহত কালামের কাছে ১০০ পিস ইয়াবা পাওয়া গেছে। তিনি মাদকের পাইকারি বিক্রেতা ছিলেন। আবুল কালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম ওরফে তালেবান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার ভোরে রানীশংকৈল উপজেলার ভৌরনিয়া মীরডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল মাদক বিক্রেতা বলে দাবি করেছে পুলিশ। রফিকুলের বাড়ি উপজেলার ভৌরনিয়া গ্রামে।

Manual5 Ad Code

রফিকুলের বিরুদ্ধে মাদক আইনে ২০টিরও বেশি মামলা রয়েছে বলে জানান রানীশংকৈল থানার ওসি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code