বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৬

বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সিতেশ রঞ্জন দেব আর নেই

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দেশের বন্য প্রাণী সংরক্ষণ আন্দোলনে নিবেদিতপ্রাণ সীতেশ রঞ্জন দেব মারা গেছেন।

 

মঙ্গলবার (১৪ জুলাই)সকাল ৯টা ৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সীতেশ রঞ্জন দেবের নাতি রাজদ্বীপ দেব। তিনি জানান, সকালে হঠাৎ করে সীতেশ রঞ্জনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের সদস্যরা দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য রওনা হলেও পথে সকাল ৯টা ৫ মিনিটে তিনি মারা যান।

 

Manual4 Ad Code

দেশজুড়ে ‘সীতেশ বাবু’ নামে পরিচিত এই প্রাণীপ্রেমী কয়েক দশক ধরে আহত, অসুস্থ ও বিপন্ন বন্য প্রাণী উদ্ধার, চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করে গেছেন। তাঁর প্রতিষ্ঠিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মাধ্যমে অসংখ্য প্রাণীকে সুস্থ করে আবার প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

শুধু উদ্ধার ও চিকিৎসাই নয়, বন্য প্রাণী হত্যা ও পাচার প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং জনসচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

 

পারিবারিক সূত্রে জানা যায়, কৈশোর থেকেই বন্য প্রাণীর প্রতি সীতেশ রঞ্জনের আগ্রহ তৈরি হয়। বাবা শিরীষ রঞ্জন দেবের সঙ্গে তিনি পশুপাখি পালন ও শিকারে যেতেন। সে সময় দেশে বন্য প্রাণী শিকারে কঠোর বিধিনিষেধ ছিল না। ১৯৮৬ সালে বাবার মৃত্যুর পর কিছুদিন শিকার করলেও, পরে সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি করে শিকার ছেড়ে দেন এবং বন্য প্রাণী উদ্ধারে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন।

 

শুরুটা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের মিশন রোডে নিজ বাড়ির আঙিনায় একটি ছোট সেবাকেন্দ্র গড়ে তোলার মধ্য দিয়ে। পরবর্তীতে সেটি পশ্চিম ভাড়াউড়া এলাকার বাগানবাড়িতে স্থানান্তর করা হয়। সরকারি নীতিমালা অনুসরণ করে এই উদ্যোগই পরবর্তীতে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন হিসেবে স্বীকৃতি পায়।

 

Manual5 Ad Code

গত কয়েক দশকে তার তত্ত্বাবধানে চিকিৎসা পেয়ে হাজার হাজার বন্য প্রাণী সুস্থ হয়ে প্রকৃতিতে ফিরে গেছে। বন বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন উদ্ধারকারী সংগঠন ও সাধারণ মানুষ এবং লোকালয়ে বিপন্ন বন্য প্রাণী দেখা গেলে নিয়মিত তার প্রতিষ্ঠানের সহযোগিতা নিতেন।

 

Manual4 Ad Code

সীতেশ রঞ্জন দেব অসুস্থ হয়ে পড়ার পরও তার কাজ থেমে থাকেনি। তার দুই ছেলে সজল দেব ও সঞ্জিত দেব বাবার অনুপ্রেরণায় বন্য প্রাণী উদ্ধার ও সেবার কাজ চালিয়ে যাচ্ছেন।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code