সিলেট ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক :
শনিবার সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। জেলায় পরিবহন ধর্মঘটের আগেই সমাবেশ সফল করতে দলের নেতাকর্মীরা বাস, ট্রেন, নৌকা, মোটরসাইকেলে করে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে হাজির হচ্ছেন। মাঠেই চলছে তাদের খাওয়া-ঘুম।
নেতাকর্মীরা মিছিল, স্লোগানে মুখরিত করে তুলছেন পুরো এলাকা। সমাবেশ শুরুর সরকারি আলিয়া মাদরাসা মাঠে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এখানে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান নেতারা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, শুক্রবার রাতের মধ্যেই সিলেট নগরী জনসমুদ্রে পরিণত হয়েছে। বৃহস্পতিবার থেকেই মানুষ আসতে শুরু করেছেন। সরকার পরিবর্তনের বিষয়টি এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা জানান, শনিবার সকাল ১১টায় এ সমাবেশ শুরু হওয়ার আগে আলিয়া মাদরাসা মাঠ ছাড়িয়ে আশেপাশের সব জায়গায় জনস্রোত ঘটবে। লোকে লোকারণ্য হয়ে উঠবে পুরো সিলেট মহানগর।
এই বিভাগীয় গণসমাবেশের প্রধান সমন্বয়কারী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান জানান, এই অঞ্চলের সাধারণ মানুষ সরকারের উপর অতিষ্ঠ। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, লুটপাট, মানুষের ভোটাধিকার হরণে ক্ষমতাসীন আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ। তাদের এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে শনিবারের সমাবেশে। শুধু স্মরণকালে নয়, সিলেটের ইতিহাসে এতো বড় সমাবেশ আর কখনো হয়নি।
জানা গেছে, বিএনপির সমাবেশে উপলক্ষে বৃহস্পতিবার থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে জড়ো হন নেতাকর্মীরা। হোটেলে, মাজারে, মাঠের মধ্যে, তাঁবুতে রাত্রিযাপন করছেন তারা। আগত নেতাকর্মীদের জন্য আগে থেকেই মাঠে জেলা ভিত্তিক তাবু করা হয়েছে। এরপরও শীতের রাতে খোলা আকাশের নীচে অনেক নেতাকর্মী রাত্রিযাপন করছেন শুরু থেকে। গোসলসহ অন্যান্য প্রয়োজনীয় কাজকর্ম মাঠেই সেরে নিচ্ছেন তারা। শুধুমাত্র সিটি করপোরেশন থেকে কয়েকটি মোবাইল টয়লেট দেওয়া হয়েছে। কিন্তু তাও অপর্যাপ্ত বলে জানান নেতাকর্মীরা।
থাকা-খাওয়ার কষ্টের মধ্যেও অনেক নেতাকর্মী ঢোল-বাদ্য বাজিয়ে নেচে গেয়ে আনন্দ করছেন। অনেকে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সঙ্গে সরকারের অত্যাচার-নির্যাতন নিয়ে খোশগল্পে মেতে উঠেন। এসব জেলা থেকে আসা নেতাকর্মীরা পথে পথে বাধার মুখে পড়ছেন বলে অভিযোগ করছেন বিএনপির নেতারা। বাস বন্ধ থাকায় পথ ভেঙ্গে ভেঙে বিকল্প উপায়ে সিলেটে আসছেন তারা।
মৌলভীবাজার পৌর কৃষক দলের সদস্য সচিব মোনাহিস কবির জানান, তারা কয়েক হাজার নেতাকর্মী বাস, ট্রেনে করে দুই দিন আগে সমাবেশস্থলে এসেছেন। পথে পথে প্রশাসন ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দিয়েছেন, হামলা করেছেন। এরপরও তারা ভেঙ্গে ভেঙ্গে সমাবেশের মাঠে এসেছেন। কৃষক দলের দুই শতাধিক নেতাকর্মীর জন্য হোটেল থেকে এবং ভাড়া করা বাসা থেকে রান্না করা খাবার আনছেন।
হবিগঞ্জের বানিয়াচর থেকে ষাটোর্ধ কৃষক এওর মিয়া জানান, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে তারা দিশেহারা। তাদের জীবন আর চলে না। কৃষির জন্য সারের দামও বাড়ানো হয়েছে। ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। এভাবে তারা আর চলতে পারেন না বলে ক্ষোভে এই সমাবেশে এসেছেন। এখন তিনি পরিবর্তন চান।
দক্ষিণ সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাসমুন নূর জানান, তিনি সাবেক ইউপি সদস্য। ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। কিন্তু সরকারি দলের ভোট ডাকাতির কারণে তিনি নির্বাচিত হতে পারেননি। ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলনের শরীক হতে শুক্রবার তিনি মোটরসাইকেলে করে সিলেটে এসেছেন। পথিমধ্যে পাগলা, জাউয়াসহ আরো অনেক স্থানে বাধার মুখে পড়েছেন। এরপরও তিনি চলে এসেছেন।
হবিগঞ্জ থেকে আসা মিন্টু বলেন, সকাল থেকে জেলায় ধর্মঘট শুরু হয়েছে। এ কারণে ভোররাতে নেতাকর্মীদের নিয়ে মাঠে চলে এসেছি। সরকার দলীয় লোকজন পথে পথে বাধা দেয়ার পায়তারা করছেন। তবে বিএনপির নেতাকর্মীরা এসব উপেক্ষা করে সমাবেশে চলে আসবেন।
বিএনপি নেতারা বলেছেন, সমাবেশ শুরুর আগেই বিভিন্ন জেলার নেতাকর্মীরা সিলেটের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। সকাল হওয়ার পর থেকে তারাও মাঠে যোগ দেবেন। অনেক নেতাকর্মী এখন পথে রয়েছেন। শনিবারের সমাবেশে মানুষের ঢল নামবে। বাধা-বিপত্তি ডিঙিয়ে আসবে। হুমকি-ধামকি আর পরিবহন ধর্মঘট দিয়ে আটকানো যাবে না।
এদিকে সরজমিনে দেখা গেছে, সিলেট বিভাগীয় সমাবেশ উপলক্ষ্যে পুরো বিভাগের বিভিন্ন জেলায় ব্যানার, পোস্টার, বিলবোর্ড এমনকি ব্যাপক সংখ্যক তোরণ নির্মাণ করেছেন বিএনপির নেতাকর্মীরা। সমাবেশস্থলের আশেপাশে দলের বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার পোস্টারে ছেয়ে গেছে। এর আগে অনুষ্ঠিত অন্যান্য বিভাগীয় সমাবেশে যেখানে বিএনপির নেতাকর্মীরা মিছিল-মিটিং কিংবা প্রচার-প্রচারণা করতে গিয়ে নানা বাধার মুখে পড়েছেন, সেখানে এই বিভাগে হয়েছে তার উল্টোটা।
শুক্রবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কোনো মিছিল দেখা না গেলেও বিএনপির মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে শহরের বিভিন্ন অলিগলি। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মোটরসাইকেল মহড়া দিতেও দেখা গেছে এদিন।
এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার থেকে সিলেট বাদে এই বিভাগের অন্যান্য তিনটি জেলায় পরিবহন ধর্মঘট চলছে। শনিবার সকাল থেকে সিলেটেও এই ধর্মঘট শুরু হবে। পরিবহন ধর্মঘটের কারণে শুক্রবার সকাল থেকে কোনো দূরপাল্লার বাস সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ঢাকাসহ মৌলভীবাজার ও হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি