সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: বিশ্বে গত বছর সবচেয়ে বেশি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে ভারতে। এমনকি যুদ্ধ বিধ্বস্ত ইরাক ও আফগানিস্তানের চেয়ে বেশি বোমা বিস্ফোরণের ঘটনা দেশটিতে ঘটেছে বলে একটি প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেশী দেশ পাকিস্তানেরও চেয়ে ভারতে অনেক বেশি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ভারতের ন্যাশনাল বোম্ব সেন্টার বা এনবিডিসি’র প্রতিবেদনের বরাত দিয়ে বুধবার ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, ভারতে গত বছর ৪০৬টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘরে তৈরি বোমার বিস্ফোরণসহ ভারতের অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনা এ হিসাবে ধরা হয়েছে। অন্যদিকে একই সময়ে ইরাকে এর প্রায় অর্ধেক অর্থাৎ ২২১টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে দেখা যায়, পাকিস্তানে ১৬১, আফগানিস্তানে ১৩২, তুরস্কে ৯২, থাইল্যান্ডে ৭১, দক্ষিণ আফ্রিকায় ৬৩, সিরিয়ায় ৫৬, মিশরে ৪২ এবং বাংলাদেশে ২৯টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অবশ্য এনবিডিসি’র পরিসংখ্যানে হতাহতের কোনো হিসাব দেয়া হয় নি।
ভারতের কমান্ডো বাহিনী এনএসজি’র আওতাধীন তদন্ত সংস্থা হিসেবে কাজ করে এনবিডিসি। বিস্ফোরণ সংক্রান্ত এ সব হিসাব উন্মুক্ত উৎস থেকে সংগ্রহ করার কথা জানানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি