ব্লগার অনন্ত হত্যা মামলার রায় ৩০ মার্চ

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২২

ব্লগার অনন্ত হত্যা মামলার রায় ৩০ মার্চ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বিজ্ঞানলেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার রায় ঘোষণা করা হবে আগামী ৩০ মার্চ। মামলার যুক্তিতর্ক শুনানি শেষে সোমবার (১৪ মার্চ) সিলেট সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন।

 

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মুমিনুর রহমান টিটু। তিনি বলেন, ৪ কার্যদিবসে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হয়। আজ পলাতক তিন আসামি- ফয়সল আহমদ, হারুন অর রশিদ ও আবুল হোসেনের পক্ষে যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন।

 

এই মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সাবেক পিপি মিসবাহ উদ্দিন সিরাজ, সমর বিজয় সী শেখর, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিশেষ পিপি মুমিনুর রহমান, মোহাম্মদ মনির উদ্দিন, নিতু কান্ত দাশ ও নাদিম রহমান। আসামিপক্ষে ছিলেন সাব্বির আহমদ ও ইমরান আহমদ।

 

২০১৫ সালের ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকার নিজ বাসার সামনে খুন হন ব্লগার অনন্ত বিজয় দাশ। পেশায় ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি ‘যুক্তি’ নামে বিজ্ঞানবিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন।

 

Manual7 Ad Code

সে রাতেই সিলেটের বিমানবন্দর থানায় অজ্ঞাত হামলাকারীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন অনন্ত বিজয় দাশের ভাই রত্নেশ্বর দাশ। মামলার তদন্তের দায়িত্ব প্রাথমিকভাবে থানা পুলিশের কাছে থাকলেও পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশে তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়।

 

এরপর তদন্তকারী কর্মকর্তা আরমান আলী ২০১৬ সালের ১৮ অক্টোবর আদালতে একটি অভিযোগপত্র দাখিল করলে আদালত তা পুনরায় তদন্তের নির্দেশ দেন। পরে ২০১৭ সালের ৯ মে সম্পূরক অভিযোগপত্র দিলে আদালত তা গ্রহণ করেন।

 

ওই অভিযোগপত্রে অনন্ত বিজয় দাশকে হত্যায় শফিউর রহমান ফারাবী, মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহী, আবুল খায়ের রশীদ আহমেদ, আবুল হোসেন ওরফে আবুল হুসাইন, হারুনুর রশীদ এবং ফয়সল আহমেদকে অভিযুক্ত করা হয়।

Manual1 Ad Code

 

আসামিদের মধ্যে ফারাবী এবং আবুল খায়ের এখন কারাগারে আছেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া মান্নান ২০১৭ সালের ২ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুবরণ করেন। বাকি ৩ আসামি এখনো পলাতক।

 

প্রথম দিকে এই মামলার বিচারকাজ চলে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে। পরে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পর ২০২০ সালের শুরুর দিকে মামলাটি সেখানে স্থানান্তর করা হয়।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code