ভারতে তিন তালাক প্রথা অসাংবিধানিক : সুপ্রিম কোর্ট

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০১৭

ভারতে তিন তালাক প্রথা অসাংবিধানিক : সুপ্রিম কোর্ট

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: তিন তালাক প্রথা অসাংবিধানিক বলে ঘোষণা দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এই তিন তালাক প্রথা ইসলাম ধর্মপালনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত নয় বলেও জানানো হয়েছে।

ভারতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের একটি বিশেষ বেঞ্চ এই মামলার বিচার করেছে। তিন তালাক প্রথা ইসলাম ধর্মপালনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত কী না, সেই সাংবিধানিক প্রশ্নেরই উত্তর খুঁজেছে এই বিশেষ সাংবিধানিক বেঞ্চ।

যদিও বিচারপতিদের ধর্মীয় পরিচয় ভারতের আইন ও বিচারব্যবস্থায় আলাদা কোনও প্রভাব ফেলে না, তবুও এই পাঁচ সদস্যবিশিষ্ট বেঞ্চটিতে পাঁচ ভিন্ন ধর্মী বিচারক ছিলেন – একজন করে মুসলিম, শিখ, খ্রিস্টান, পার্শি ও হিন্দু।

পাঁচ সদস্যের ওই সাংবিধানিক বেঞ্চের দুই সদস্য প্রধান বিচারপতি জে এস খেহর এবং বিচারপতি এস আব্দুল নাজির ছয় মাসের জন্য তিন তালাক প্রথা বন্ধ রেখে সরকারকে এ সময়ের মধ্যে নির্দিষ্ট আইন প্রণয়ন করার কথা বলেছেন।

Manual2 Ad Code

তবে অন্য তিন বিচারক এই প্রথাকে সরাসরি অসাংবিধানিক বলে রায় দেন। তারা একে অ-ইসলামিক বলেও ঘোষণা করেন। সংখ্যাগরিষ্ঠ বিচারকদের রায়ই আদালতের রায় বলে গণ্য করা হবে। তাই তিন বিচারপতি কুরিয়ান জোসেফ, রোহিন্টন এফ নারিম্যান এবং উদয় উমেশ ললিত – যেহেতু এই প্রথা অসাংবিধানিক বলে রায় দিয়েছেন, তাই এখন থেকে ভারতে তিন তালাক প্রথা নিষিদ্ধ হয়েছে।

তিন তালাক প্রথা নিয়ে ভারতে বিতর্ক অনেকদিনের। তবে গত কয়েক বছরে বেশ কয়েকটি মুসলিম নারী সংগঠন এবং কয়েকজন তালাক প্রাপ্ত মুসলিম নারীদের করা মামলার কারণে তিন তালাক প্রথা নিয়ে নতুন করে আলোচনা আসে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহসহ ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষ নেতারা প্রকাশ্যে তিন তালাক প্রথা তুলে দেয়ার কথা বলেছেন।

সায়রা বানু, আফরিন রহমান, গুলশান পরভিন, ইশরাত জাহান ও আতিয়া সাবরি নামের কয়েকজন তালাকপ্রাপ্ত নারী সুপ্রীম কোর্টে যেসব পৃথক মামলা করেছিলেন, সেগুলোকে একত্র করেই সাংবিধানিক বেঞ্চ এই বিশেষ মামলাটি হাতে নিয়েছিল। অনেকগুলো সংগঠন, সরকারি দপ্তর, জাতীয় নারী কমিশন ও অন্য ব্যক্তিরা এ মামলায় অংশ নিয়েছিল।

যদিও মুসলমানদের মধ্যে প্রচলিত একটি প্রথা নিয়ে এই মামলা। কিন্তু এক হিন্দু নারীর করা একটি মামলা চলাকালীন এর সূত্রপাত হয়েছিল। কর্ণাটকের বাসিন্দা এক হিন্দু নারী তার পৈত্রিক সম্পত্তির ভাগ পেতে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন।

Manual5 Ad Code

সেই মামলার শুনানি চলার সময়ই ওই নারীর বিরোধী পক্ষের আইনজীবী মন্তব্য করেছিলেন, আদালতে হিন্দু উত্তরাধিকার আইন নিয়ে কথা হচ্ছে কিন্তু মুসলমানদের ধর্মীয় নিয়মে এমন অনেক কিছু রয়েছে যেগুলোও মুসলমান নারীদের অধিকার হরণ করে।

ওই মন্তব্যের পরই আদালত তিন তালাক নিয়ে জনস্বার্থ মামলা করার কথা বলে। ভারত সরকার ও আইন কমিশনকে তিন তালাক প্রথা নিয়ে সব পক্ষের মতামত সংগ্রহ করতে আদেশ দেয়া হয়েছিল। জনমত সংগ্রহ করে আইন কমিশন। আলোচনা চলে নানা মুসলিম সংগঠনের সঙ্গে। তিন তালাকের পক্ষে-বিপক্ষে দুই ধরনের মতামতই জমা পড়ে।

মুসলিম পার্সোনাল ল বোর্ডসহ যারা তিন তালাক প্রথার সমর্থন করেন, তাদের দাবি- কোনো আদালতই এই প্রথা নিয়ে বিচার করতে পারে না। তাদের মতে, নিজস্ব ধর্মীয় অনুশাসন মেনে চলার যে অধিকার মুসলমানদের রয়েছে, তাতে কোনো আদালতই হস্তক্ষেপ করতে পারে না। মুসলিম পার্সোনাল ল বোর্ড কয়েক লাখ মুসলমান নারীর সই করা পিটিশনও দাখিল করেছিল তাদের বক্তব্যের সমর্থনে।

অন্যদিকে, যেসব সংগঠন তিন তালাকের বিরুদ্ধে, তারা বলেন, শরিয়ত অনুযায়ী যেভাবে তালাক হওয়ার কথা, তার যথেচ্ছা অপব্যবহার করা হয় ভারতে। চিঠি, বা ফোন করে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনবার পর পর তালাক জানিয়ে বিবাহবিচ্ছেদ দেয়া হয়। এক শ্রেণীর মৌলভী সেগুলোর অনুমোদনও দেন।

Manual2 Ad Code

চিঠি অথবা ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তালাক দেয়া কতটা যুক্তিসঙ্গত, তা নিয়েও ভারতের ইমামদের মধ্যে বিতর্ক রয়েছে। এই প্রথা তুলে দেয়ার পক্ষেও রয়েছেন বহু মুসলমান নারী। কয়েক বছর আগে করা এক সমীক্ষায় দেখা গিয়েছিল, ১০টি রাজ্যে অধিকাংশ মুসলিম নারীই চান তিন তালাক প্রথা উঠে যাক।

অন্যদিকে, ভারতে তিন তালাকের বৈধতা নিয়ে যখন সুপ্রিম কোর্টে শুনানি চলছিল, সেসময় এক সমীক্ষায় দেখা যায়- ভারতের মুসলিম সমাজে তিন তালাক দিয়ে বিবাহ বিচ্ছেদের ঘটনা বাস্তবে একবারেই নামমাত্র, এক শতাংশেরও কম।

সমীক্ষাটি করেছিল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডিবেটস ইন ডেভেলপমেন্ট পলিসি (সিআরডিডিপি)। ১৬ হাজার ৮৬০ জন মুসলিম পুরুষ এবং ৩৮১১ জন নারীর ওপর চালানো এই সমীক্ষাটি করা হয় চলতি বছর মার্চ থেকে মে মাসের মধ্যে। সমীক্ষাটির নেতৃত্বে ছিলেন অর্থনীতিবিদ ড আবু সালেহ শরিফ, যিনি ২০০৬ সালে ভারতীয় মুসলিমদের অনগ্রসরতা এবং বঞ্চনা নিয়ে গঠিত ‘সাচার কমিটি’র অন্যতম সদস্য ছিলেন।

Manual4 Ad Code

সমীক্ষায় ৩৩১ টি মুসলিম বিবাহ বিচ্ছেদের ঘটনা বিশ্লেষণ করে দেখা যায়, এগুলোর এক-চতুর্থাংশ ক্ষেত্রে ধর্মীয় প্রতিষ্ঠান (যেমন কাজি) জড়িত ছিল। তবে সমীক্ষায় সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল হচ্ছে, ৩৩১টি ঘটনার মধ্যে কোনো সাক্ষীর উপস্থিতি ছাড়াই মুখে তিনবার তালাক উচ্চারণ করে বিবাহ বিচ্ছেদের ঘটনা ছিল মাত্র একটি অর্থাৎ শূন্য দশমিক তিন শতাংশ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code