সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধু একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় নিহতর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। এই সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনের নিচে অনেক মানুষ চাপা পড়ে আছে। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পৌঁছেছে।
রেলওয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।
এদিকে এই ট্রেন দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন। তিনি বলেন, উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে তারপরে ট্রেন চলাচল শুরু হবে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে হাজারো উৎসুক জনতা ভিড় করেছে। উপস্থিত হয়েছেন দুর্ঘটনাকবলিত ট্রেনে থাকা যাত্রীদের স্বজনরা। তাদের অভিযোগ, স্টেশন মাস্টারের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি