সুরমা মেইল ডেস্ক :: মাছ ও মুরগির খাবার তৈরিতে ট্যানারি বর্জ্য ব্যবহার বন্ধে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বুধবার আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে তিনি সাংবাদিকদের জানান লিভ টু আপিল খারিজ হওয়ায় হাইকোর্টের দেওয়া রায়-ই বহাল রয়েছে।
আবেদনে বলা হয়, ট্যানারি বর্জ্য ব্যবহার করে তৈরি করা খাদ্য মুরগি ও মাছ উভয়ের জন্যই অস্বাস্থ্যকর। এইসব অস্বাস্থ্যকর খাদ্য দিয়ে চাষ করা মুরগি ও মাছ খেলে মানুষের জন্যও মারাত্মক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
২০১১ সালের ২১ জুলাই এক মাসের মধ্যে বর্জ্য দিয়ে মাছ-মুরগির খাবার তৈরির কারখানা বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট।
এর আগে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছিল শোয়েব এন্টারপ্রাইজের মালিক গোলাম সারোয়ার। লিভ টু আপিলের শুনানি শেষে আপিল বিভাগ আজ উপরিউক্ত রায় দেয়।