সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহাসিক টিপু সুলতান মসজিদের ইমাম মাওলানা সাইয়্যেদ মুহাম্মদ নূরুর রহমান বরকতি উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে বিজেপিকে একটিও ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার জুমা নামাজ শেষে তার নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে ধ্বংস করছে ঠিক একইভাবে এদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ভারতকে ধ্বংস করছেন। সেজন্য উত্তর প্রদেশের মুসলিমদের বিজেপিকে ভোট না দিয়ে সপা-কংগ্রেসকে ভোট দেয়া উচিত।
তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে আমেরিকায় কিছু মুসলিম দেশের নাগরিকদের প্রবেশের উপরে ডোনাল্ড ট্রাম্প যে নিষেধাজ্ঞা জারি করেছেন তার তীব্র সমালোচনা করেন।
মাওলানা বরকতি আরএসএস এবং বিজেপি’র বিরুদ্ধে নোংরা রাজনীতির মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করার অভিযোগ করেছেন।
তিনি বলেন, উত্তর প্রদেশের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ হওয়ায় আমি মুসলিম এবং হিন্দু ভাই-বোনদের উদ্দেশ্যে বিজেপিকে একটি ভোটও না দেয়ার আবেদন জানাচ্ছি।
আরএসএস এবং বিজেপিকে মুসলিমদের শত্রু বলে অভিহিত করে মাওলানা বরকতি বলেন, কারো ভুলে যাওয়া উচিত নয় যে, আরএসএস এবং বিজেপি অযোধ্যায় বাবরী মসজিদ ধ্বংস করেছিল।
তিনি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নোট বাতিলের ঘটনাকে সবচেয়ে বড় আন্তর্জাতিক কেলেঙ্কারি বলে অভিহিত করেছেন।
গত জানুয়ারিতে মাওলানা বরকতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাথা ন্যাড়া করে দাড়ি মুড়িয়ে কালি মাখিয়ে দিতে পারলে তাকে ২৫ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন। নোট (৫০০/১০০০ টাকা) বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী যে পাপ করেছেন সেজন্য ওই শাস্তির ফতোয়া দেয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রীকে তিনি ‘পাপী’ বলেও অভিহিত করেন।
বিজেপি তার বিরুদ্ধে থানায় অভিযোগ করে গ্রেফতারি দাবি করলেও থেমে নেই ওই কোলকাতার ওই ইমাম।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এর আগে মাওলানা বরকতি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে পাথর ছোঁড়ার নির্দেশ দিয়েছিলেন।
দিলীপ ঘোষ অবশ্য বরকতি সাহেবকে হুমকি দিয়ে বলেছিলেন, বরকতির সাহস কী করে হয় দিলীপ ঘোষকে পাথর মারবে! এটা কী পাকিস্তান পেয়েছে? এমন দৌড় করাবো যে ওয়াঘা বর্ডার পার করে দেব। লুঙ্গি ফেলে ছুটতে হবে। লুঙ্গিটাও পরে যেতে পারবে না হিন্দুস্তানে রেখে যেতে হবে। এই আমি বলে দিচ্ছি। সেই দিন এসে গেছে।
মাওলানা বরকতি অবশ্য বরাবরের মতো আবারো বিজেপি-আরএসএসের বিরুদ্ধাচরণ করে বিবৃতি দিয়েছেন এমনকি প্রধানমন্ত্রী মোদিকে বিদ্বেষী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তুলনা করেছেন। সূত্র : পার্সটুডে
Design and developed by ওয়েব হোম বিডি