সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩
মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার রাজনগরে দেশীয় অস্ত্র এবং ডাকাতির মালামালসহ আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মনজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, রাজনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় প্রমুখ।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজনগরের নয়াটিলার জাকির হোসেন (৪০), শাহাপুরের রুবেল মিয়া (৩০) ও লালাপুরের আমির হোসেন (৪১)।

পুলিশ সুপার জানান, গত ২৪ আগস্ট রাতে রাজনগরের উত্তরভাগ ইউপিস্থ পশ্চিম লালাপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার স্ত্রী আমিরুন নেছার (৫৫) বসতঘরের বারান্দার কলাপসিবল গেটের তালা কেটে ও রুমের ছিটকিনি ভেঙে অজ্ঞাত ছয় থেকে সাতজন দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে ঘরের লোকদের হাত-পা বেঁধে নগদ ২০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ মোট ছয় লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এ ঘটনায় রাজনগর থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়। ঘটনার পর রাজনগর থানার পুলিশ ডাকাতির এই ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করে। এর ভিত্তিতে শনিবার (২৬ আগস্ট) রাতে রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা গ্রামের জাকির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর জাকির হোসেনের বসতবাড়ি-সংলগ্ন পূর্ব পাশের ঝোপ থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে রক্ষিত ডাকাতির কাজে ব্যবহৃত প্লাস্টিকের কালো রঙের একটি খেলনা পিস্তল, দুটি ছুরি, একটি লোহার তৈরি রামদা, হ্যামার, তালা কাটায় ব্যবহৃত কাটার জব্দ করা হয়। পরে তাদের কাছ থেকে এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি রূপার চেইন এবং নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। রোববার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
(সুরমামেইল/এমবিএন/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি