সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২২
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা এবং বিভিন্ন মডেলের ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২৫ সেপ্টেম্বর রাতে শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের লাউয়াছড়ায় সড়ক ডাকাতির ঘটনায় তারা জড়িত। কমলগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে বশির আহমেদ (৩৫), আবুল হোসেন (৩৫), কইনুল ইসলাম (২৫), সবুজ মিয়া (৫০), লোকমান মিয়া (২৮), আব্দুলসংবাদ মালিক (২৮) ও আরিফ মিয়াকে (২৮)কে সিলেট এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। আসামিদের কাছ থেকে ডাকাতির সময় ব্যবহৃত কয়েকটি দা, চাকু, রাম দা, করাতসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের একজন আদালতে ডাকাতির ঘটনায় ১৪-১৫ জনের নাম উল্লেখপূর্বক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এই ডাকাত দল একই প্রক্রিয়ায় গত ১৩ অক্টোবর রাতে হবিগঞ্জ জেলার বাহুবল থানার রশিদপুর নামক স্থানে সড়কে ডাকাতি করেছে মর্মে স্বীকার করেছে বলে জানান পুলিশ সুপার।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং এরমধ্যে ২ জন আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায় জানান, ডাকাতির ঘটনার পর থেকেই আসামিদের গ্রেপ্তারের জন্য জেলা পুলিশ তৎপর ছিল। জেলা গোয়েন্দা শাখা এবং কমলগঞ্জ থানার টিম যৌথভাবে অক্লান্ত পরিশ্রম করে তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তাকৃত ডাকাতদের নামে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি,খুনের একাধিক মামলা রয়েছে।
জেলা পুলিশ সুপার আরও জানান, জেলা পুলিশ মৌলভীবাজার অত্র জেলার আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখতে বদ্ধ পরিকর। আগামী দিনগুলোতেও চুরি ডাকাতি প্রতিরোধসহ চোর, ডাকাত, সন্ত্রাসী গ্রেপ্তারের ধারা অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হাসান আবু নাসের রিকাবদার, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল হাই চৌধুরী, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম এবং ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক প্রমুখ।
Design and developed by ওয়েব হোম বিডি