সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২২
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজার কারাগারে ধর্ষণ মামলার এক আসামির মৃত্যু হয়েছে। আসামি ভাস্কর চাষা (৬৭) সোমবার (১৭ অক্টোবর) ভোরে কারাগার হাসপাতালে মারা যান।
মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো. আব্দুল কুদ্দুছ এ তথ্য নিশ্চিত করেছেন।
শিশু ধর্ষণের অভিযোগে গত ৯ অক্টোবর রাতে আসামি ভাস্করকে গ্রেপ্তার করে কুলাউড়া থানা পুলিশ। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, কুলাউড়ার চা শ্রমিকের মেয়েকে ৯ আগস্ট দুপুরে ধর্ষণ করেন ভাস্কর চাষা। এ ঘটনায় ৯ অক্টোবর মামলা হয়।
জেল সুপার মো. আব্দুল কুদ্দুছ বলেন, ওই আসামিকে কারাগারে আনার সময় তার শরীরে আঘাতের ক্ষত থাকায় তাকে কারাগার হাসপাতালে রাখা হয়।
জেল সুপার বলেন, সোমবার ভোরে হাসপাতালে আত্মহত্যার চেষ্টা চালান তিনি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান।
এ বিষয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফয়ছল জামান ডেইলি স্টারকে বলেন, জেলা কারাগার থেকে গলায় ফাঁস লাগা একজনকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Design and developed by ওয়েব হোম বিডি