সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
বিএনপি-জামায়াতের ‘অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে’ আওয়ামী লীগ দেশব্যাপী বিক্ষোভ করবে। আগামীকাল রোববার সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৫টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করবে ক্ষমতাসীন দলটি।
শনিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কর্মসূচি ঘোষণা দেন।
দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদক এবং ঢাকার এমপিদের নিয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘আগুন সন্ত্রাস ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে আওয়ামী লীগ প্রতিটা থানা ও ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করা হবে। বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও সন্ত্রাসী বিরুদ্ধে আমাদের এই কর্মসূচি নির্বাচন পর্যন্ত চলমান থাকবে।’
যৌথসভায় জাতীয় সংসদের উপনেতা ও সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড.রাজ্জাক, ফারুক খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক সামসুরনাহার চাপা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, উপদপ্তর সম্পাদক সায়েম খান, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, কৃষক লীগ সভাপতি সমীর চন্দসহ বিভিন্ন সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও ঢাকার বিভিন্ন আসনের এমপিরা যৌথসভায় ছিলেন।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি