সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৭
মিয়ানামারের রাখাইন রাজ্যে দমন-পীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসনে ছয় মাসে প্রায় ২০ কোটি ডলারের প্রয়োজন হবে বলে জাতিসংঘের ধারণা। জাতিসংঘের হিসাবে, গত চার সপ্তাহে ৪ লাখ ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে, যাদের অনেকেই সীমান্ত পার হয়েছেন গুলির বা পোড়া জখম নিয়ে।
বাংলাদেশ আগে থেকেই ৪ লাখের বেশি শরণার্থীর ভার বহন করে আসছে। নতুনে করে বিপুলসংখ্যক এই শরণার্থীর জন্য ত্রাণ ও পুনর্বাসন চালাতে হিমশিম খাচ্ছে সরকার ও সাহায্য সংস্থাগুলো।
জাতিসংঘের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, বাংলাদেশে ছয় মাসে এসব শরণার্থীর সহায়তায় ২০ কোটি ডলারের প্রয়োজন হবে। মিয়ানমার প্রবেশাধিকার সীমাবদ্ধ দিলেও রাখাইন রাজ্যেও মানবিক সংকট সৃষ্টি হচ্ছে বলে ত্রাণকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন।
রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প: মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে এলেও রোহিঙ্গারা নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অনেকেই রোহিঙ্গাদের সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য হুমকি বলে মনে করেন।
কয়েক দশকের কঠোর সামরিক শাসনের অবসানের সঙ্গে পুরনো শত্রুতা ও বুদ্ধ জাতীয়তাবাদ মাথা চাড়া দিয়ে উঠায় বৌদ্ধ ও রোহিঙ্গাদের মধ্যে সুপ্ত কয়েক দশকের উত্তেজনার বিস্ফোরণ একাধিকবার দেখা গেছে।
সর্বশেষ মাসখানেক আগে বিদ্রোহীদের দমনের নামে সেনা বাহিনী যে নৃশংসতা চালাচ্ছে, তাকে ‘রোহিঙ্গাদের জাতিগতভাবে নিধন’ বলছে জাতিসংঘ।
শরণার্থীরা বলছেন, গুলি ও অন্যান্য হুমকিতে আতঙ্কিত হয়ে পালানোর পর মিয়ানমারের সেনা এবং সংঘবদ্ধ বৌদ্ধরা তাদের বাড়িঘরে আগুন ধরিয়ে দিচ্ছে।
মিয়ানমার এই অভিযোগ অস্বীকার করে বলছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতি আদায়ের কৌশল হিসেবে জঙ্গিরাই নিজেদের গ্রামগুলোতে আগুন লাগিয়ে দিচ্ছে।
সূত্র : সাউথ এশিয়ান মনিটর ডটকম
Design and developed by ওয়েব হোম বিডি