সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: বারবার জঙ্গিদের আস্কারা দেওয়ার অভিযোগে পাকিস্তানকে প্রায় একঘরে করে ফেলেছে গোটা বিশ্ব। আর সেই বিষয়েই এবার পাক সরকারকে সতর্ক হওয়ার বার্তা দিল পাক সংবাদমাধ্যম। পাক সরকার ও পাক সেনাবাহিনীর বিরুদ্ধে এমনই বার্তা দেওয়া হয়েছে The Nation সংবাদপত্রে।
এই সংবাদপত্র পাক সরকারের বেশ কাছের বলেই জানা যায়। তা সত্ত্বেও তারা পাকিস্তানকে সতর্কবার্তা দিচ্ছে, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উরি হামলা থেকে শুরু করে বিশ্ব জুড়ে তীব্র প্রতিবাদের বিষয়টি তুলে ধরা হয়েছে সংবাদপত্রের সম্পাদকীয়তে। পাকিস্তানের বন্ধু দেশ চিনও ব্রিকস সম্মেলনে এসে সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেকথাও উল্লেখ করা হয়েছে এই সংবাদপত্রে। মোদীর কথা উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘মোদীর বক্তব্য থেকেই স্পষ্ট যে নয়াদিল্লি পাকিস্তানকে একঘরে করতে কতটা তৎপর। সার্ক সামিট বাতিল করা থেকে শুরু করে পাক শিল্পীদের বয়কট করা। পাকিস্তানকে দুর্বল করে দিতে সবরকমের চেষ্টা চালানো হচ্ছে। যদি সত্যিই একঘরে হয়ে যায় পাকিস্তান, তাহলে তার ফল হবে খুব খারাপ।’
পাক সরকার ও পাক গোয়েন্দাদের সরাসরি কটাক্ষ করে ওই সংবাদমাধ্যমে বলা হয়েছে, ‘পাকিস্তান অন্তত একথা স্বীকার করুক, যে তারা জঙ্গিদের অবস্থান নিয়ে তাদের কোনও ভাবনা-চিন্তা নেই। জঙ্গিদের ভূমিকা নিয়ে ব্যখ্যা না করে উল্টে সাংবাদিকদের নাম ফেলে দিচ্ছে এক্সিট কন্ট্রোল লিস্টে’।
দিন কয়েক আগে আরও একটি সম্পাদকীয়তে মাসুদ আজহার ও হাফিজ সঈদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পাক সরকারের বিরুদ্ধে বার্তা দেয় এই সংবাদপত্রই। এদিনের আর্টিকলে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের ভাবমূর্তি খুবই উদ্বেগজনক। যতই আমরা নিজেদের দোষ ঢাকি, সবাই জানে পাকিস্তানের কিছু কাজকর্ম সত্যিই অসমর্থযোগ্য।’
Design and developed by ওয়েব হোম বিডি