সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৬
নিজস্ব প্রতিবেদক :: আজমপুরে শায়েস্তাগঞ্জগামী বাল্লা লোকাল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুতের ঘটনায় ৮ ঘন্টা পর আখাউড়া-সিলেট রেলপথের ট্রেন চলাচল শুরু হয়েছে।
শুক্রবার রাত ২টা ১০ মিনিটে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের পর ট্রেনের একটি বগি ফের লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে আখাউড়া রেল জংশন থেকে হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে বগি উদ্ধার করে।
শনিবার ভোর ৪টার দিকে আখাউড়া-সিলেটপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে বাল্লা লোকাল ট্রেনের শায়েস্তাগঞ্জগামী যাত্রা বাতিল করে ।
আখাউড়া রেল জংশন প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, আখাউড়া-সিলেট রেলপথের আজমপুর রেল স্টেশনে যাত্রা বিরতি শেষে যাত্রীবাহী বাল্লা লোকাল ট্রেন শুক্রবার রাত পৌনে ৮টায় শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ট্রেনটি ২নং লাইনে যাত্রা করলেও সিগন্যাল দেয়া হয় ৩নং লাইনে। ট্রেনের চালক ২নং লাইন ক্লিয়ার মনে করে ট্রেনের যাত্রা শুরু করে। ট্রেনটি কিছু দূর এগিয়ে আমোদাবাদ আউটার সিগন্যাল এলাকায় পৌঁছামাত্রই বিকট শব্দে ইঞ্জিন লাইনচ্যুত হয়।
খবর পেয়ে আখাউড়া রিলিফ ট্রেন ঘটনাস্থলে উদ্ধার ও লাইন মেরামত কাজ শেষ করে রাত ২টা ১০ মিনিটে যাত্রা করে সামনে এগিয়ে যেতেই ট্রেনের একটি বগির দু’টি চাকা ফের লাইনচ্যুত হয়।
পরে আখাউড়া রেল জংশন থেকে হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে লাইনচ্যুত বগি উদ্ধার করে লাইন মেরামত কাজ শেষ করলে প্রায় ৮ঘণ্টা পর ভোর ৪টা ৭মিনিটে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন কেবিন মাস্টার মো. উজ্জল হোসেন বলেন, বাল্লা লোকাল ট্রেনের শায়েস্তাগঞ্জ অভিমুখে যাত্রা বাতিল করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি