সিলেট ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে বিশেষ অভিযানে ভারতীয় দুটি এয়ারগান, মাদক, ওষুধসহ এক কোটি ৫৩ লাখ টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)।
বৃহস্পতিবার ( ৮ অক্টোবর) ৪৮ বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ অক্টোবর রাতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) একাধিক বিশেষ অপারেশন দল কর্তৃক গোয়াইনঘাট উপজেলার সোনারহাট, সংগ্রাম, বিছনাকান্দি এবং জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় অভিনব কায়দায় ফলের ক্যারেটে ডিআই পিকআপে লুকিয়ে রাখা ১৬৮ বোতল ভারতীয় মদ এবং অন্য একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ভারতীয় এয়ারগান জব্দ করা হয়।
এ ছাড়াও, বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ বিভিন্ন প্রকারের মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক (বিজিওএম) জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। চোরাচালানের মালামালের সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি