সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩
ছবি সংগৃহীত
চট্টগ্রাম সংবাদদাতা :
চট্টগ্রামের সীতাকুণ্ডে টহল ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। উপজেলার সলিমপুরের ফকিরহাট রেলক্রসিংয়ে রোববার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন এক এসআইসহ আরও তিনজন।
সীতাকুন্ড থানার কনস্টেবল মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এস্কান্দার আলী মোল্লা দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত তিনজন হলেন, এসআই সুজন শর্মা, আরেক কনস্টেবল (গাড়ি চালক) সমর চন্দ্র সূত্রধর ও স্থানীয় ইউপি সদস্য শাহাদাত হোসেন।
স্থানীয়রা জানিয়েছেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনটি দুপুর সোয়া বারোটায় সলিমপুর-ফকিরহাট রেলক্রসিং অতিক্রম করার সময় পুলিশ ভ্যানটি রেললাইনের ওপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুন্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, পুলিশের টহল পিকআপকে চট্টগ্রামমুখী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে থানার এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়। একজন এসআইসহ তিনজনকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, রেলক্রসিংয়ের গেটম্যান বিপু ঘটনাস্থলে ছিলেন না। সিগনাল বাঁশ ওঠানো ছিলো। পুলিশ সদস্যদের ৩টি অস্ত্র (শট গান) ভেঙ্গে গেছে। ১৬ রাউন্ড শটগানের গুলি পাওয়া গেলেও এসআই সুজন শর্মার নামে ইস্যুকৃত পিস্তলের গুলি পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন এবং ২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
(সুরমামেইল/সিএএন/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি