সিলেট ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকালে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের কয়েক ঘণ্টা পরই রাতে আওয়ামীপন্থী দুই আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট মনিষ কান্তি দে মিন্টু এবং জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট এম. জিয়াউর রহমান শামীম।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে জেলা গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সঞ্জয় সরকার এই দুইজনের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। পুরাতন একটি মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে তারা গ্রেপ্তার হয়েছেন। মিন্টু সুনামগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর ও সাবেক ছাত্রলীগ নেতা। অ্যাড শামীম আহমদও সাবেক ছাত্রলীগ নেতা।
এরআগে বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী আইনজীবী পরিষদের নেতাকর্মীরা সুনামগঞ্জ কালেক্টরেট এলাকায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মিছিল দেন। মিছিল শেষে আদালত চত্ত্বরের শহীদ মিনারে আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।
এসময়ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন তারা। এই কর্মসূচিতে গ্রেপ্তার দুজনসহ আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা ছিলেন।
(সুরমামেইল/এসডি)
Design and developed by ওয়েব হোম বিডি