সিলেট ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, মে ২০, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২০ মে) দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কে উপজেলার আহসানমারা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের জাহের মিয়া এবং শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ঘাগলী গ্রামের ইব্রাহিম মিয়া।
আহতরা হলেন- ঘাগলী গ্রামের মুছলেছ মিয়ার ছেলে আব্দুল জাহান, তার মেয়ে লুৎফা এবং ছাতক উপজেলার জাউয়া ইউনিয়নের গণিপুর গ্রামের কাদির মিয়ার ছেলে তৌরিজ মিয়া। তাদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে যাত্রী নিয়ে বাসটি সুনামগঞ্জে আসছিল। আর বিপরীত দিকে যাচ্ছিল লেগুনাটি। মুখোমুখি সংঘর্ষে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। তখন আশপাশের লোকজন এসে লেগুনার যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করেন।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাহের মিয়া এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ইব্রাহিম মারা যান।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. রতন শেখ বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(সুরমামেইল/এসডি)
Design and developed by ওয়েব হোম বিডি