বন্দুকযুদ্ধ অব্যাহত : ৯ জেলায় আরও ১১ জনের মৃত্যু

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মে ২৬, ২০১৮

বন্দুকযুদ্ধ অব্যাহত : ৯ জেলায় আরও ১১ জনের মৃত্যু

Manual5 Ad Code

সরকারের মাদকবিরোধী অভিযানের সময় র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৯ জেলায় আরও ১১ জন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার (২৬ মে) ভোর পর্যন্ত এসব ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাগুলো ঘটে।

র‌্যাব ও পুলিশের দাবি, নিহতরা সবাই মাদক ব্যবসায়ী। তাদের নামে বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে।

কুমিল্লা : শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বাগরা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাবুল (৪০) ও আলমাস (৩৬) নামে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।

নিহত বাবুল একই উপজেলার আশাবাড়ি গ্রামের আবদুল মালেকের ছেলে। তার বিরুদ্ধে ১৬টি মাদকের মামলা রয়েছে। আলমাস উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে আটটি মাদকের মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ৪০ কেজি গাঁজা ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।

দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন ও সদর উপজেলার রামসাগরে দুই দল মাদক বিক্রেতার মধ্যে গুলি বিনিময়ে একজন মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

নিহতরা হলেন-বীরগঞ্জ উপজেলার চিহ্নিত মাদক বিক্রেতা সাবদারুল ইসলাম (৪২) ও নিহত আবদুস সালাম ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, শুক্রবার ভোর রাতে বীরগঞ্জে বিপুল মাদক পাচারের খবর পেয়ে র‌্যাব অভিযান চালায়। এসময় র‌্যাবকে লক্ষ্য করে সাবদারুল গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে তার কাছে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খোসা, প্রায় দুই কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় আহত হন দুই র‌্যাব সদস্য।

এদিকে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি রেদওয়ানুর রহিম জানান, রাতে রামসাগর এলাকায় দুই দল মাদক বিক্রেতার মধ্যে গুলি বিনিময় হয়। খবর পেয়ে পুলিশের একটি টহল দল সেখানে গেলে আবদুস সালামকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। এ অবস্থায় তাকে উদ্ধার করে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আবদুস সালামকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ফেনসিডিল, চারটি হাত বোমা, একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

চাঁদপুর : চাঁদপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কচুয়া থানা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা বাবলু (৩৫) নিহত হয়েছেন বলে দাবি পুলিশের। তার বিরুদ্ধে কচুয়া থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে।

Manual2 Ad Code

জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভিমপুর এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রেন্টু নামের এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ফেনসিডিল, এক নলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেছে র‌্যাব।

বরগুনা : সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানকালে বন্দুকযুদ্ধে ছগির (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বরগুনার সদর উপজেলার জাকিচাবক গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।নিহত ছগির উপজেলার কুমারখালী গ্রামের বাসিন্দা।

বরগুনা সদর থানার ওসি এসএম মাসুদ জামান জানান, নিহত ছগির মাদক ব্যবসায়ী। তার লাশ উদ্ধার করা হয়েছে।

Manual3 Ad Code

ঠাকুরগাঁও : মাদকবিরোধী অভিযানকালে কথিত বন্দুকযুদ্ধে মোবারক হোসেন কুট্টি (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

Manual7 Ad Code

শনিবার ভোর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক বিক্রেতা। এসময় পুলিশ ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়।

ময়মনসিংহ : ঈশ্বরগঞ্জের আঠারবাড়িতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহজাহান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ২০০টি ইয়াবা ও হেরোইন উদ্ধার করেছে।

পুলিশের দাবি, নিহত শাহজাহান আঠারবাড়ি এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। এসময় ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

ফেনী : জেলা শহর রুহতিয়া এলাকা থেকে কবির হোসেন (৫০) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার ভোর ৪টার দিকে শহরের রুহিতিয়া ব্রিকফিল্ড এলাকায় নিজেদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ কবির নিহত হয়েছেন বলে দাবি পুলিশের।নিহত কবির পরশুরাম উপজেলার ধনিকুন্ডা গ্রমের আবুল খালেক বেতুর ছেলে।

নিহতের বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ ১০টি মামলা রয়েছে।পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি গুলি ও গুলির খোসা উদ্ধার করেছে।

কুড়িগ্রাম : ভূরুঙ্গামারী উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইব্রাহিম হোসেন (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত ইব্রাহিম মাদক চোরাকারবারি। তিনি একই এলাকার নাওডোর উত্তরপাড়া গ্রামের মৃত. ইউসুফ ওরফে ইনসাফের ছেলে। এসময় ৫ কেজি গাঁজা, দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

Manual2 Ad Code

চলতি মাসের ৪ মে থেকে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। অভিযানের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কথিত এই বন্দুকযুদ্ধে গত এক সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় ৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code