সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০১৮
একুশটা বছর খুব সন্তর্পণে একে অপরকে এড়িয়ে গিয়েছেন তারা। মাধুরী দীক্ষিত তো সিদ্ধান্ত নিয়েও ফেলেছিলেন কোনওদিন আর সঞ্জয় দত্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন না। কিন্তু সময়ের সুতোর টানে ফের তারা একসঙ্গে। করণ জোহর’র কলঙ্ক ছবিতে কাজ করছেন নব্বইয়ের এই সুপারহিট জুটি।
শুধু অনস্ক্রিনই নয়, অফস্ত্রিনেও মাধুরী-সঞ্জয়ের কেমিস্ট্রি অজানা নয় কারও। তবে মাধুরীর ‘সজন’ থেকে ‘খলনায়ক’ হতে খুব বেশি সময় লাগেনি সঞ্জুবাবার। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মামলায় নাম জড়ায় বলিউডের এই অভিনেতার।
এরপরই সঞ্জয়ের থেকে মাধুরী আস্তে আস্তে নিজেকে সরিয়ে নেন। তাদের লাভস্টোরি নিয়ে বি-টাউনে কম কথা শোনা যায়নি। কিন্তু দু’জনেরই মাপা পা ফেলে সবটুকু এড়িয়ে গিয়েছেন। মাঝের একুশটা বছর নিজেদের সরিয়ে রেখেছিলেন দু’জন দু’জনের কাছ থেকে।
শোনা যাচ্ছে ইতিমধ্যেই তারা নাকি আন্ধেরির চিত্রকূট গ্রাউন্ডে একটি বিশেষ দৃশ্যের শ্যুট করেছেন। সঙ্গে ছিলেন ছবির প্রধান দুই নায়ক নায়িকা বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট। এতদিন পর মুখোমুখি হলেও ক্যামেরা রোল হওয়ার পর মাধুরী-সঞ্জয়ের মধ্যে কোনও জড়তাই ছিল না। দু’জনই যে কত বড় পেশাদার অভিনেতা তা বুঝিয়ে দিয়েছেন তারা।
Design and developed by ওয়েব হোম বিডি