সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২০
অনলাইন ডেস্ক : দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর না ফেরার দেশে চলে গেলেন বাংলাসিনেমার প্লেব্যাক সম্রাট কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোর।
সোমবার (০৬ জুলাই) সন্ধ্যায় ৭টা ১৩ মিনিটের দিকে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় তার বোন ডা. শিখা বিশ্বাসের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে গত ১১ জুন রাতে বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তিনি। এরপর থেকে রাজশাহীতে বোনোর বাসায় থাকছিলেন। তার দেখভাল করছিলেন বোনজামাই চিকিৎসক ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাস। তবে গত কয়েকদিন ধরে শারীরিক অবস্থার অবনতি ঘটে তার। অক্সিজেন সাপোর্ট দেয়া হয়।
সিঙ্গাপুরে টানা ৯ মাস চিকিৎসা নিয়ে দেশে ফিরলেও মরনব্যাধি ক্যানসার কেড়ে নিলো আটবারের চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত এই বরেন্য শিল্পীকে।
জনপ্রিয় রোমান্টিক গানের সংগীতশিল্পীর প্রয়াণে শোকাচ্ছন্ন দেশের সংস্কৃতি অঙ্গন। সাধারণ মানুষের পাশাপাশি শোক প্রকাশ করছেন এন্ড্রু কিশোরের সহকর্মী, সতীর্থ আর বন্ধুরা। শিল্পীর ঘণিষ্ঠ বন্ধু ‘ইত্যাদি’ খ্যাত উপস্থাপক হানিফ সংকেত তার ফেসবুক পেইজে এন্ড্রু কিশোরকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।
হানিফ সংকেতের স্ট্যাটাসটি পাঠকের সুবিধার্তে নিচে তুলে ধরা হলো-
‘এন্ড্রু কিশোর আর নেই’, প্রিয় বন্ধুর মৃত্যু সংবাদটি নিজের হাতে এত তাড়াতাড়ি লিখতে হবে কখনো কল্পনাও করিনি। এই মুহূর্তে কানে বাজছে রাজশাহী থেকে বলা কিশোরের শেষ কথাগুলো, ‘দোয়া করিস বন্ধু, কষ্টটা যেনো কম হয়, আর হয়তো কথা বলতে পারব না।’
এর পরই খুব দ্রুত শরীর খারাপ হতে থাকে কিশোরের। আর আমারও যোগাযোগ বেড়ে যায় রাজশাহীতে তার পরিবারের সদস্যদের সঙ্গে। অবশেষে সবাইকে কাঁদিয়ে সোমবার সন্ধ্যায় এই পৃথিবী থেকে বিদায় নেয় এন্ড্রু কিশোর-বাংলা গানের ঐশ্বর্য, যার খ্যাতির চাইতে কণ্ঠের দ্যুতিই ছিলো বেশি। যার মৃত্যুতে সংগীতাঙ্গনের অনেক বড় ক্ষতি হয়ে গেলো। অনেক কষ্ট পেয়েছি বন্ধু, এতো তাড়াতাড়ি চলে যাবি ভাবিনি-কিশোরের আত্মার শান্তি কামনা করছি।
Design and developed by ওয়েব হোম বিডি