সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২২
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আদালতে ১৫ জনের বিরুদ্ধে আলোচিত ইসলামি বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর করা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সিলেট বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক মো. আবুল কাশেম এ নির্দেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির হয়ে মামলার আবেদন করেন তাহেরী।
উল্লেখ্য, ২২ মার্চ তাহেরী অগ্রিম ৩৩ হাজার টাকা নিয়ে সিলেটের বালাগঞ্জে একটি ওয়াজ মাহফিলে আসেননি বলে অভিযোগ ওঠে। এক পর্যায়ে টাকা নিয়ে তাহেরীর না আসার অভিযোগটি আয়োজক কমিটির পক্ষ থেকে মাহফিলের মাইকে জানিয়ে ওয়াজ শুনতে আসা মুসল্লিদের কাছে ক্ষমা চাওয়া হয়।
সে সময় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেন এবং তাহেরীকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করেন। যার কয়েকটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ঘটনার দুদিন পর ২৪ মার্চ সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেন তাহেরি। এর পরিপ্রেক্ষিতে আজ আদালত পিবিআইকে তদন্তের আদেশ দেন।
মামলা প্রসঙ্গে তাহেরী বলেন, আমি বালাগঞ্জের মাহফিলের কোনো দাওয়াত পাইনি। জানিই না কারা আমার নাম করে টাকা নিয়েছে। কিন্তু আমার নামে যে মিথ্যাচার করা হয়েছে তার প্রতিকার চেয়ে মামলা করেছি। আদালত মামলা তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। আমি আশা করছি, পিবিআই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করবে এবং তাদের আইনের মুখোমুখি করে সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে।
Design and developed by ওয়েব হোম বিডি