এবার টিটিইকে গুলি করে হত্যার হুমকি রেল পুলিশের

প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, মে ৩১, ২০২২

এবার টিটিইকে গুলি করে হত্যার হুমকি রেল পুলিশের

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :
বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করায় ট্রেনের এক ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষককে (টিটিই) গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ মে) দুপুরে খুলনা থেকে ঈশ্বরদী হয়ে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

 

সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ট্রেনে পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে দায়িত্ব পালন শুরু করেন টিটিই আব্দুল আলীম মিঠু। পথে গার্ড ইকবাল মাহমুদকে সঙ্গে নিয়ে ট্রেনের করিডোর বগিতে গেলে সেখানে বেশ কিছু যাত্রী পান। এ সময় তাদের টিকিটের বিষয়ে জিজ্ঞাসা করলে পুলিশের এএসআই রোমেন মিয়াসহ ওই ট্রেনের দায়িত্বরত তার ফোর্সরা বাধা দেন। তারা যাত্রীগুলোকে ‘নিজেদের লোক’ দাবি করে টিকিট কাটতে বাধা দেন। এরপরও টিকিট কাটতে বগিতে প্রবেশ করার চেষ্টা করলে টিটিই মিঠুকে গুলি করার হুমকি দেন এএসআই রোমেন। টিটিইকে হ্যান্ডকাপ পরাতে গেলে ট্রেনের অন্যান্য যাত্রীরা পরিস্থিতি স্বাভাবিক করেন।

 

Manual8 Ad Code

ভুক্তভোগী টিটিই আব্দুল আলীম মিঠু বলেন, প্রথমে বাধা দিলেও আমরা বিনা টিকিটের আটজন যাত্রীকে জরিমানা করতে থাকি। এ সময় ট্রেনে দায়িত্বরত এএসআই রোমেন আমাকে গুলি করার হুমকি দেন। আমাকে হ্যান্ডকাপ পরিয়ে গ্রেপ্তারেরও চেষ্টা করেন।

 

Manual1 Ad Code

এ বিষয়ে অভিযুক্ত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোমেন মিয়া ঘটনা স্বীকার করে বলেন, বগিতে আমার কনস্টেবল ফারুকের সঙ্গে গার্ড ইকবাল মাহমুদের কথা হয়। আমি পাশে দাঁড়িয়ে ছিলাম। এ সময় ইকবাল কনস্টেবল ফারুককে বলেন ইনি কে? তখন আমি বলি- ‘আমাদের গায়ে পোশাক দেখে চিনতে পারছেন না আমি কে?’ এ সময় পাশে থাকা টিটিই আব্দুল আলীম মিঠু বলে ওঠেন- ‘শালারা টাকা পাই নাই, এজন্য মাথা খারাপ হয়ে গেছে।’ এ সময় আমি একটু উঁচুস্বরে বলে উঠি- ‘এই শালা বললি কাকে? একদম হ্যান্ডকাপ পরায়ে দিব।’ এ সময় ট্রেনের লোকজন বুঝিয়ে বললে ঠিক হয়ে যায়। এছাড়া আর কোনো ঘটনা ঘটেনি। গুলি করার কথা সম্পূর্ণ মিথ্যা।

Manual2 Ad Code

 

এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, আমাদের টিটিই অত্যন্ত দায়িত্বশীল এবং অত্যন্ত কর্তব্যপরায়ণ। তিনি ওই ট্রেনের আটজন বিনা টিকিটের যাত্রীকে জরিমানা করতে গেলে ওই ট্রেনের দায়িত্বরত এএসআই তাকে গুলি করার হুমকি দিয়েছেন।

 

তিনি বলেন, আমি বিষয়টি জানার পরপরই আমাদের রেলওয়ে পুলিশের এসপি সাহেবকে ওই এএসআইকে প্রত্যাহারের অনুরোধ জানিয়েছি। রেলওয়ের সহকারী নিরাপত্তা কর্মকর্তা আবু হেনা, সহকারী এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শিপন আলী ও একজন এএসপির সমন্বয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। তাদেরকে বিষয়টি তদন্ত করে পাঁচ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হবে।

Manual8 Ad Code

 

এ বিষয়ে পাকশী রেলওয়ে পুলিশের এসপি সাহাব উদ্দিন বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি সংশ্লিষ্ট টিটিই, গার্ড ও এএসআইকে ডেকে পাঠিয়েছি। তারা ঢাকা থেকে পাকশীতে আসছে। তারা আসলে তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে পরে বিস্তারিত বলতে পারব।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code