সিলেট ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২২
কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাটে নিজাম উদ্দিন (৩০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে উদ্ধার করে কানাইঘাট থানা পুলিশ।
নিহত নিজাম উদ্দিন (৩০) রাজাগঞ্জ ইউনিয়নের নিজ রাজাগঞ্জ গ্রামের মুনির আলীর ছেলে। সে রাজাগঞ্জ বাজারের ছোলা-পিয়াজু দোকানদার ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার (১২ জুলাই) আছরের পর রাজাগঞ্জ বাজারের মসজিদে নামাজ শেষে বাজারেই নিজাম উদ্দিনকে ঘোরাফেরা করতে দেখা গেছে। এরপর মঙ্গলবার রাতে নিজাম উদ্দিন বাড়িতে না ফিরলে তার আত্মীয়-স্বজনরা সব জায়গায় খোঁজাখুজি করে তার কোন সন্ধান পান নি।
স্থানীয়রা জানান, বুধবার সকালের দিকে স্থানীয় লোকজন রাজাগঞ্জ ইউনিয়নের সুরমা নদীর তীরবর্তী পারকুল গ্রামের মাঝামাঝি স্থানে তার মাথায় গুরুতর জখমপ্রাপ্ত লাশ পড়ে থাকতে দেখে তার আত্মীয়-স্বজনদের খবর দেন।
খবর পেয়ে সকাল ১১টায় কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ী নিজাম উদ্দিনের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ জানিয়েছে, নিজাম উদ্দিনের মাথায় গুরুতর গভীর জখম রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট জেলা পুলিশের আলফা-৩ এর এডিশনাল পুলিশ সুপার শাহরিয়ার বিনতে সালেহ, কানাইঘাট থানার ওসি (তদন্ত) দিলীপ চন্দ্র নাথ। তবে কী কারনে ব্যবসায়ী নিজাম উদ্দিনকে হত্যা করা হয়েছে তা প্রাথমিক ভাবে জানা যায় নি।
তবে হত্যাকান্ডে রহস্য উদ্ঘাটনে পুলিশ তৎপর রয়েছে জানিয়ে থানার (ওসি) তদন্ত দিলীপ চন্দ্র নাথ বলেন, খুনীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে খুনীদের খোঁজে বের করার জন্য রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাও. শামসুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য চুন্নু মিয়া জানান, ছোঁলা-পিয়াজু দোকানের ব্যবসায়ী নিজাম উদ্দিন একজন নিরীহ প্রকৃতির লোক ছিলেন। পারিবারিক ভাবে কারো সাথে তার বিরোধ রয়েছে এমন তথ্য আমাদের কাছে নেই। তার স্ত্রীসহ ৫ ছেলে-মেয়ে রয়েছে।
তবে এখন পর্যন্ত এ হত্যাকান্ডের ঘটনায় থানায় কোন মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
Design and developed by ওয়েব হোম বিডি