সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৩
সুরমামেইল ডেস্ক :
তিনদিন বিরতি রেখে ফের ৩৬ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী মঙ্গলবার ভোর ছয়টা থেকে শুরু হয়ে অবরোধ চলবে বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে ভার্চুয়ালি প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ ছাড়া আগামী ১৪ ডিসেম্বর সকালে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করা হবে বলে জানান তিনি।
রিজভী আরও বলেন, ১৬ ডিসেম্বর সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শেরেবাংলা নগরে এসে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করা হবে। একই সঙ্গে দিবসটি উপলক্ষে আলোচনা করা, কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানান বিএনপির এই নেতা।
রিজভী বলেন, বরাবরের মতো এবারও গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেনবাহী যানবাহন অবরোধের আওতাভুক্ত থাকবে।
তিনি আরও জানান, দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি