সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৩
মুহাম্মদ ইলিয়াস, খাগড়াছড়ি থেকে :
খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষ সন্ত্রাসীর গুলিতে নিহত ইউপিডিএফ’র চার নেতার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ইউপিডিএফ’র শীর্ষ পর্যায়ের নেতা বিপুল চাকমাসহ চারজনের লাশ বুধবার সকালে পানছড়ি থানা থেকে কড়া পুলিশ প্রহরায় খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য আনা হয়। দুপুর প্রায় সোয়া ১টার দিকে ময়নাতদন্ত শেষে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামী করে নিহত বিপুল চাকমার চাচা নিরুপম চাকমা পানছড়ি থানায় মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত সফিউল আজম।
এরআগে গত সোমবার (১১ ডিসেম্বর) রাতে পানছড়ির লোগাং ইউনিয়নের অনিল পাড়ায় প্রতিপক্ষের গুলিতে নিহত হন ইউপিডিএফ প্রসীত সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম লিটন চাকমা ও ইউপিডিএফ সংগঠক রুহিন বিকাশ ত্রিপুরা। ঘটনার প্রায় ১৯ ঘণ্টা পর মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকাল পাঁচটার দিকে নিহত ৪ জনের লাশ
ঘটনাস্থল থেকে উদ্ধার করে পানছড়ি থানায় নিয়ে আসে পুলিশ। ঝুঁকিপূর্ণ ও দুর্গম এলাকা হওয়ায় লাশ উদ্ধারে দেরি হয়েছে বলে পানছড়ি থানা পুলিশ জানায়। ঘটনার পর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃত ৩জনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ সুত্র আরও জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থা সতর্কাবস্থায় রয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত আছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ইউপিডিএফ প্রসীত গ্রুপ তাদের ৪ জন শীর্ষ নেতার হত্যাকান্ড ও ৩ জনকে অপহরণের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছে। তবে ইউপিডিএফ গণতান্ত্রিক তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করে আসছে।
এদিকে ইউপিডিএফ প্রসীত গ্রুপ এ হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়ি জেলায় সাংগঠনিকভাবে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে । কর্মসূচির মধ্যে রয়েছে, ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর প্রতিবাদ সমাবেশ ও শোক সভা, বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন, ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি-২৪ পর্যন্ত পানছড়ি বাজার বয়কট। প্রয়োজনে বয়কটের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হতে পারে) ১৭ ডিসেম্বর পানছড়ি উপজেলাব্যাপী সাধারণ ধর্মঘট ও ১৮ ডিসেম্বর খাগড়াছড়ি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সড়ক অবরোধ।
স্থানীয় একজন জনপ্রতিনিধি পরিচয় গোপনের শর্তে জানিয়েছে, ইউপিডিএফ প্রসীত গ্রুপ প্রতিপক্ষকে দমাতে মাঠে নেমেছে। যে কোন সময় বড় ধরনের সংঘাতে বিপুল পরিমাণ প্রান হানির শঙ্কা তৈটী হয়েছে। তিনি দাবী করেন, পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার করা এখন সময়ের দাবী।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি